২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার রাসায়নিক অস্ত্র চালান শেষ চলতি মাসেই’

বিষাক্ত রাসায়নিক পদার্থের বেশ বড়সড় একটি চালান এ মাসে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার পরিকল্পনা করেছে সিরিয়া। সেই সঙ্গে দেশটি ১ মার্চের মধ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ সরিয়ে ফেলার কাজটি শেষ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী গেনেডি গ্যাটিলভ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 02:53 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ গ্যাটিলভের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করে।“মূলত গতকাল সিরিয়া ফেব্রুয়ারির মধ্যে রাসায়নিক পদার্থের বড় একটি চালান সরিয়ে ফেলার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। ১ মার্চের মধ্যে তারা এটা শেষ করার জন্য প্রস্তুত।“রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে সিরিয়া তাদের বিশাল রাসায়নিক অস্ত্রভাণ্ডার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য একটি সময়সূচিও বেধে দেয়া হয়েছিল যেটা এই সপ্তাহে শেষ হয়ে যাবে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ দামেস্ক তাদের রাসায়নিক অস্ত্রভাণ্ডার সরিয়ে ফেলার কাজ খুবই ধীর গতিতে করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরোভকে সিরিয়াকে দিয়ে দ্রুত কাজটি সম্পন্ন করানোর জন্য চাপ দেয়ার আহ্বান জানান।সিরিয়ায় প্রায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে বাশার আল আসাদ সরকারকে শক্ত সমর্থন দিয়ে এসেছে রাশিয়া।আসাদের রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংসের ধীরগতি ‘ইচ্ছাকৃত’ নয় বলে পশ্চিমা বিশ্বের উদ্বেগকে উড়িয়ে দিয়ে গ্যাটিলভ বলেন,“সময়ের কথা বললে, নীতিগতভাবে সবকিছু ঠিকঠাক মতো চলছে।““এই কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সত্যিই বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।“