২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ সরবরাহের চাপের মুখে সিরিয়া

জেনেভা শান্তি আলোচনায় মানবিক সাহায্য ইস্যুতে অবরুদ্ধ বিদ্রোহী শহর হোমস এ ত্রাণবহর ঢুকতে দেয়ার জন্য চপের মুখে পড়েছে সিরিয়া সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 06:22 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

পশ্চিমা কূটনীতিকরা সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়া সরকারকে অবরুদ্ধ এলাকায় অবিলম্বে ত্রাণ সরবরাহ করতে দিতে হবে। অন্যথায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার মুখে পড়তে হবে তাদেরকে।আর এ পদক্ষেপের ব্যাপারে রাশিয়া এবং চীনকেও তাদের আগের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন কূটনীতিকরা।সিরিয়ার কেন্দ্রস্থলে কৌশলগত একটি অবস্থানে রয়েছে হোমস। বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই হয়েছে এ শহরে।গত বছর প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী শহরটির আশেপাশের এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে। সরকারি বাহিনীর অভিযানে শহরটির কেন্দ্রস্থলে বিদ্রোহীদের সঙ্গে অবরুদ্ধ হয়ে আছে হাজার হাজার সাধারণ মানুষ।সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদ্রোহীরা নিরাপদ রাস্তা করে দিলে শহরটির কেন্দ্রস্থল থেকে নারী ও শিশুদের বের হয়ে যেতে দেবে সিরিয়া সরকার।মেকদাদ এও বলেন, “হোমসের সশস্ত্র সন্ত্রাসীরা নারী ও শিশুদেরকে শহর ত্যাগ করতে দিলে তাদের জন্য অবাধে সব কিছুরই ব্যবস্থা করে দেব আমরা। শুধু তাই না, তাদেরকে আশ্রয়, ওষুধসহ প্রয়োজনীয় সবকিছুই দেয়া হবে”।তিনি বলেন, “আমরা জাতিসংঘের ব্যাবস্থাপনায় হোমসে যে কোনো মানবিক ত্রান সাহায্য প্রবেশ করতে দিতে প্রস্তুত”।তবে একজন কূটনীতিক বলেছেন, “বল এখনো আসাদ সরকারের কোর্টে”।হোমস এ সরকার বিরোধী কর্মী এবং বিদ্রোহীরা কেবল সীমিত যুদ্ধবিরতি নয় বরং পুরোপুরি অবরোধের অবসান চাইছে।রোবারের শান্তি আলোচনায় সিরিয়া সরকারের প্রতিনিধিরা হোমস থেকে নারী ও শিশুদের বের হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানালেও শহরটি ত্যাগ করতে ইচ্ছুকদের নামের তালিকা চেয়েছে।কিন্তু বিরোধীপক্ষের প্রতিনিধিদের কেউ কেউ এ শর্তের বিরোধিতা করছে। লোকজনদেরকে আটক করার জন্য এ তালিকা চাওয়া হচ্ছে বলে আশঙ্কা তাদের।শান্তি আলোচনায় মধ্যস্থাকারী জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি বলেছেন, বিরোধী পক্ষ সিরিয়া সরকারকে সশস্ত্র গ্রুপগুলোর হাতে আটকদের তালিকা দিতে রাজি হয়েছে।আর মানবিক সাহয্যের বিষয়টিতে জাতিসংঘ এবং রেডক্রস থেকে ত্রাণবহর সোমবারেই হোমস এ পৌঁছতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।শনিবার সিরিয়ার সরকার ও বিদ্রোহীপক্ষের মধ্যে প্রথম সরাসরি বৈঠকে সভাপতিত্ব করেন ব্রাহিমি।সোমবার সিরিয়ায় সরকারের ক্ষমতা হস্তান্তর বিষয়ক একটি জাতিসংঘ পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য তিনি আরেকটি যৌথ অধিবেশন করবেন বলে মনে করা হচ্ছে।