২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার বৃদ্ধনিবাসের অগ্নিকাণ্ডে নিহত ৩২

কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে কাঠের তৈরি একটি বৃদ্ধনিবাসে আগুন লেগে ৩২ জন বাসিন্দা নিহত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 01:46 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বৃহস্পতিবার কুইবেকের লিল-ভার্ত শহরের রেসিদাঁস দ্যু আভর বৃদ্ধনিবাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লিল-ভার্ত শহরটি কুইবেকের রাজধানী কুইবেক সিটি থেকে ১৫শ’ মাইল উত্তরপূর্বে।

শনিবার পুলিশ জানিয়েছে, ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২২ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা বেঁচে নেই বলেই অনুমান করছে পুলিশ।

১৯৬৯ সালে কুইবেকের এক বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৪ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর এটি কানাডায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে মনে করা হচ্ছে।

সিগারেটের আগুনকে অগ্নিকাণ্ডের কারণ বলে মনে করা হলেও এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। আগুন লাগার পর দুই দিন পেরিয়ে যাওয়ায় নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের আর কোনো সম্ভবনা নেই বলে মনে করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধাশ্রমের অধিবাসীদের অধিকাংশের বয়স ৮৫ বা তার বেশি ছিলো এবং তাদের অনেকেই হুইল চেয়ার বা ওয়াকার ছাড়া চলাফেরা করতে পারতেন না।

তাই যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবনে ‘সবচেয়ে খারাপ ঘটনাই ঘটেছ’ বলে তারা ধারণা করছেন।

পুলিশের মুখপাত্র মিচেল ব্রুনেট বলেন, “সব ধরণের সম্ভাবনার কথা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। সুনির্দিষ্ট করে বলার মতো কোনো কিছু এখনো পাওয়া যায়নি। সিগারেট থেকে আগুনের সূত্রপাত হওয়ার গুঞ্জন আমরাও শুনেছি। কিন্তু এটা এখনো শুধুমাত্র গুঞ্জনই রয়ে গেছে।”

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুজে বের করতে কয়েক মাসও লেগে যেতে পারে বলে জানান তিনি।

এদিকে বৃদ্ধাশ্রমটির ওয়েবসাইটে জানানো হয়েছে, আশ্রমটি ধুমপান মুক্ত এলাকা ছিলো।

উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে থাকা মৃতদেহগুলো বের করে আনার জন্য ভবনের ওপর জমা হওয়া প্রায় দুই ফুট পুরু বরফ বাষ্প ও গরম বাতাস দিয়ে নরম করার চেষ্টা করছে।

মাইনাস ২২ ডিগ্রি তাপমাত্রার প্রচণ্ড শীতের মধ্যে অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভাতে ভবনে পানি ছিটালে ওই বরফের আস্তরণ তৈরি হয়। প্রচণ্ড শীতের কারণে উদ্ধার কাজেও মারাত্মক বিঘ্ন ঘটে।