সিরিয়া আলোচনায় মধ্যস্থতার চেষ্টায় জাতিসংঘ
সুইজারল্যান্ডে সিরিয়া শান্তি সম্মেলনে বিবাদমান দুপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলে তাদের একসঙ্গে সরাসরি বৈঠকে বসার সদিচ্ছার বিষয়টি যাচাই করে দেখার চেষ্টা নিচ্ছেন জাতিসংঘ মধ্যস্থতাকারী ও সিরিয়া বিষয়ক শান্তি দূত লাখদার ব্রাহিমি।
সিরিয়া শান্তি সম্মেলনের উদ্বোধনী দিনের আলোচনা তীব্র তর্কবিতর্ক ও মতবিরোধের মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষের মধ্যে শুক্রবার সরাসরি পরিপূর্ণ আলোচনা শুরু করাতে ব্রাহিমি মধ্যস্থতার এ উদ্যোগ নিচ্ছেন।
বৈঠক পুনরায় শুরু হলে দুপক্ষ জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী সরাসরি আলোচনা করবে কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
মনট্রেক্স থেকে বিবিসি’র কূটনৈতিক সংবাদদাতা বলছেন, বুধবারের আলোচনা তুমুল তর্কবিতর্কের মধ্য দিয়ে শুরু হলেও প্রতিপক্ষ দুই প্রতিনিধিদলের কেউই ওয়াক আউট করেনি।
বরং জাতিসংঘের উদ্যোগে জেনেভায় আয়োজিত শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকে তারা অংশ নেবে বলেই জানিয়েছে। কিন্তু সে আলোচনা কিভাবে হবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
এমনকি বিবাদমান দুপক্ষ একই কক্ষে আলোচনায় বসতে রাজি কিনা তাও এখনো জানা নেই বলে জানিয়েছেন ব্রাহিমি।
আলোচনা কিভাবে চলবে এবং সঙ্কটের সম্ভাব্য সমাধানের বিষয়টি নিয়েই মূলত বৃহস্পতিবার দুপক্ষের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসতে চান ব্রাহিমি।
তিনি বলেন, “আমরা সিরিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনার চেষ্টা করব। আর এজন্য আমি মনে করি ২০১২ সালের ৩০ জুনের যৌথ বিবৃতিতে আমাদের এক ধরনের রোডম্যাপ আছে। এ প্লাটফর্মকে কি করে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় সেটাই আমরা দেখব”।
“কাজটি সহজ হবে বলে মনে করি না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করব”।
