২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্না প্রত্যাহার করলেন কেজরিওয়াল

খোলা আকাশের নিচে একরাত কাটানোর পর ধর্না প্রত্যাহার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 10:13 PM

Updated : 25 Apr 2022, 03:43 PM

দাবি আংশিক মেনে নেওয়ায় ধর্না প্রত্যাহার করা হয়েছে বলে ধর্নাস্থল থেকে বেরিয়ে জানিয়েছেন তিনি।

দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত না করায় সোমবার সকাল থেকে শুরু হয় কেজরিওয়ালের এই অবস্থান কর্মসূচি, ভারতে এ আন্দোলনের নাম দেয়া হয়েছে ধর্না।

মঙ্গলবার দুপুরের দিকে ধর্না কর্মসূচিকে ঘিরে পুলিশ ও কেজরিওয়ালে আম আদমি পার্টির নেতাকর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে। এর আগেও এনিয়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে।

সংঘর্ষের জন্য তার দল আম আদমি পার্টি (এএপির) মধ্যে অন্য রাজনৈতিক দলের অনুপ্রেবেশকে দায়ী করেন কেজরিওয়াল।

পরে কেজরিওয়াল অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, তিনি যেসব পুলিশ কর্মকর্তাদের অপসারণ চেয়েছিলেন তারমধ্য থেকে দুইজনকে ছুটিতে পাঠানো হয়েছে, “তাই ধর্না কর্মসূচি আজকের মতো সমাপ্ত করা হল”।

গত বুধবার রাতে দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতী নগরের দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে মাদক ও নারী পাচারকারী চক্রের সদস্য অভিযোগে উগান্ডার কয়েকজন নাগরিককে গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশকে। কিন্তু পরোয়ানা না থাকায় পুলিশ অভিযান চালাতে অস্বীকৃতি জানায়।

এছাড়া একটি মৃত্যুর ঘটনায় রাজ্যের আরেক মন্ত্রী রাখি বিড়লা অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও পুলিশ তা পালন করেনি বলে অভিযোগ কেজরিওয়ালের।

সম্প্রতি দিল্লিতে ডেনমার্কের ৫১ বছর বয়সী এক পর্যটককে ধর্ষণের ঘটনাও পুলিশ যথাযথভাবে তদন্ত করছে না বলে তিনি অভিযোগ করেছেন।

রাজ্য সরকারের দুই মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেশ কয়েকজনকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানানো পুলিশের সদস্যদের বরখাস্তের দাবি নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনে কর্মসূচির ডাক দেন কেজরিওয়াল। দাবি পূরণ না হলে তার কর্মসূচি ১০ দিন এমনকি অনির্দিষ্টকাল ধরে চলবে বলেও হুমকি দেন তিনি।