মিশরে সংবিধানের পক্ষে ৯৮ শতাংশ ভোট
মিশরের গণভোটে নতুন সংবিধানের পক্ষে ৯৮ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। যদিও কয়েকজন কর্মকর্তা যেরকম ইঙ্গিত দিয়েছিলেন তার তুলনায় কম ভোট পড়েছে। মোট নির্বাচকমণ্ডলীর ৪০ শতাংশেরও কম এই ভোটে অংশ নিয়েছেন।নির্বাচন কমিশন জানায়, ৫ কোটি ৩০ লাখ যোগ্য ভোটারের মধ্যে ভোটার উপস্থিতি ছিল ৩৮ দশমিক ৬ শতাংশ।সুপ্রিম ইলেকশন কমিটি প্রধান নাবিল সালিব সাংবাদিকদের বলেন, “আল্লাহর ইচ্ছায় আমরা সংবিধানকে বৈধতা দিতে পেরেছি। রোড ম্যাপের বাকি দুইটি স্তর: প্রেসিডেন্ট ও জাতীয় নির্বাচন, ঠিকঠাক মতো পেরিয়ে যাওয়ার জন্য এখন আমরা তার সাহায্য কামনা করছি।“ ৯৮ দশমিক ১ শতাংশ ‘হ্যা’ ভোট পড়েছে বলে জানান তিনি।বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হয়। ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম হলেও নতুন এই সংবিধানের সমর্থনে পড়া ভোট ২০১২ সালে মোহাম্মদ মুরসির করা সংবিধানের পক্ষে পড়া ভোটকে (৩২ দশমিক ৯ শতাংশ) অতিক্রম করে গেছে।মিশরের যেসব নাগরিক মুরসিকে সরিয়ে দেয়ার পক্ষে ছিলেন তাদের অনেকে নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন।ব্যাপক গণআন্দোলনের মুখে গত বছর জুলাইয়ে সামরিক অভ্যূত্থানের মাধ্যমে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে সেনা সমর্থিত অন্তবর্তীকালীন সরকার দেশটি পরিচালনা করছে।এ অবস্থায় সেনাপ্রধান জেনারেল অবদেল ফাত্তাহ আল-সিসি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের যে পরিকল্পনা করেছেন এ ভোট তার সেই পরিকল্পনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সংবিধানের পক্ষে জনগণের রায়ে সিসির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আরো বাড়ল বলেই মনে করা হচ্ছে।২০১১ সালে স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর থেকে মিশরের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল। সম্প্রতি দেশটি প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা করছে এবং ধারণা করা হচ্ছে সিসি শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করবেন।
