২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি পরিকল্পনা, বন্দি বিনিময় প্রস্তাব সিরিয়ার

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালেম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় যুদ্ধবিরতির পরিকল্পনা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে। একইসঙ্গে বিদ্রোহীদের সঙ্গে বন্দিবিনিময় করারও প্রস্তাব দিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 06:20 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বিদ্রোহী বাহিনীর সঙ্গে বন্দিদের নামের তালিকা বিনিময় করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন মৌয়ালেম। তিনি বলেন, “সিরিয়ার জেলে যে সমস্ত বন্দি রয়েছে তাদের সঙ্গে অন্যপক্ষের হাতে বন্দিদের বিনিময় করা নিয়ে চুক্তি করার জন্য আমি ল্যাভরভকে আমাদের নীতিগত অবস্থান সম্পর্কে জানিয়েছি”।

মস্কোয় ল্যাভরভের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মৌয়ালেম আরো জানান, তিনি রাশিয়ার কাছে আলেপ্পোয় যুদ্ধবিরতির পরিকল্পনা পেশ করেছেন এবং অন্যান্য শহরেও এটিকে একটি দৃষ্টান্ত হিসাবে কাজে লাগাতে চান।

সংশ্লিষ্ট সব পক্ষ নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করলে যুদ্ধবিরতির পরিকল্পনা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওদিকে, বিদ্রোহীরা বলছে, সরকার এ ধরনের আংশিক যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে তারাও সেটা মেনে চলবে।

সিরিয়ার সরকার বিরোধী জোট ‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’ আগামী সপ্তাহে শান্তি সম্মেলনে যোগ দেয়া না দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইস্তাম্বুলে বৈঠক করার সময়টিতে সিরিয়া এ পদক্ষেপ নিল।

জেনেভা শান্তি আলোচনায় যোগ দেয়ার জন্য সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো।

তারপরও বিরোধী জোটের অনেক সদস্যই আলোচনায় পিছটান দিয়েছে। কেউ কেউ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা না ছাড়া পর্যন্ত বৈঠকে যোগ দিতে রাজি নয়। কিন্তু দামেস্ক বলে আসছে আলোচনার জন্য কোনো পূর্বশর্ত দেয়া যাবে না।

কিন্তু শান্তি আলোচনা নিয়ে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনে গভীর মতভেদ রয়েছে। এ জোটের গুরুত্বপূর্ণ ব্লক সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল আলোচনা বয়কটের হুমকি দিচ্ছে। কোয়ালিশনের ১২০ জন সদস্যের মধ্যে ৪৪ জন এরই মধ্যে জেনেভা বৈঠক পরিহার করেছে।