রাহুল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন না, জানালেন সোনিয়া
ভারতে এ বছর লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন না রাহুল গান্ধী। এর বদলে দলের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তিনি।
রাহুলকে প্রার্থী করার জন্য দলের পক্ষ থেকে চাপের কাছে নতি স্বীকার না করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শুক্রবার তার ছেলের ব্যাপারে পরিষ্কার করে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ।
কংগ্রেসের নীতি-নির্ধারকরা রাহুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণার আগে বৃহস্পতিবার নানা বিকল্প পন্থা নিয়ে হিসাব-নিকাশ করার সময়টিতেই সোনিয়া সিদ্ধান্ত নিয়ে নেন । গণমাধ্যমেও খবর বের হয় যে, রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছেন তার মা সোনিয়া।
শুক্রবার নয়াদিল্লিতে দলের এক বড় সমাবেশে সোনিয়া তার এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমরা গতকাল রাহুল সম্পর্কে একটি সিদ্ধান্ত নিয়েছি এবং সেটিই চূড়ান্ত”। এ সময় ‘রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হোক’ বলে সমর্থকরা স্লোগান দেয়। এতে সোনিয়ার ভাষণ কয়েকবার বিঘ্নিত হয়। পরে রাহুল মঞ্চে উঠে জনতাকে শান্ত হতে বলেন।
এর আগে বৃহস্পতিবারেই সোনিয়া তার নেতিবাচক সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, কংগ্রেস সহ-সভাপতি রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে না। কারণ কংগ্রেসের ঐতিহ্য অনুযায়ী নির্বাচনের আগে প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা হয় না। তবে কংগ্রেস নির্বাচনে জিতলে দলের সম্ভাবনাময় নেতা সরকার পরিচালনায় থাকতে পারেন বলে আভাস দেন তিনি।
টানা দুইবার দেশ শাসনের পর ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় হতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। এ অবস্থায় রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী না করে তাকে পরাজয়ের মুখ থেকে বাঁচানোরই চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন সমালোচক ও বিরোধী নেতারা।
কিন্তু রাহুলকে প্রার্থী করার পক্ষে যারা, তাদের যুক্তি হচ্ছে, রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হলে দলকে চাঙ্গা করে তুলে দেশকে একটা বার্তা দেওয়া যেত এবং বিরোধীদল বিজেপির অগ্রযাত্রাও কিছুটা রুখে দেয়া যেত।
তবে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন রাহুলকে প্রার্থী না করে কংগ্রেস খুব কৌশলী সিদ্ধান্ত নিয়েছে। কারণ, দলের সম্ভাবনা উজ্জ্বল নয়, এ অবস্থায় রাহুলের নাম ঘোষণা করে পরে ফল খারাপ হলে এর পূর্ণ দায় চাপত তার ওপর। সেটি রাহুলের জন্য খারাপ হত। এখন সে আশঙ্কা আর রইল না। উপরন্তু দল যদি ক্ষমতায় আসে তাহলে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার পথটাও এর মধ্য দিয়ে পরিস্কার থাকল।
রাহুল-বিরোধীদের কংগ্রেস ছাড়তে বললেন খুরশীদ
