হেগে রফিক হারিরি হত্যার বিচার শুরু
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডে অভিযুক্ত ৪ জনের নজিরবিহীন বিচার শুরু হয়েছে হেগ ট্রাইব্যুনালে।
ওই ৪ ব্যক্তি সিরিয়া-সমর্থিত শিয়া গেরিলা দল হিজবুল্লাহর সহযোগী বলে অভিযোগ আছে। তারা গ্রেপ্তার হয়নি এবং হেগ আদালতে তাদের অনুপস্থিতিতেই চলছে বিচারকাজ।
বিচারের শুরুতেই ৪ জনের বিরুদ্ধে হামলা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন এক কৌঁসুলি।
২০০৫ সালে বৈরুতে গাড়ি বোমা হামলায় হারিরিসহ ২২ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তদের নাম- সালিম জালিম আয়াশ, মুস্তফা আমিনে বদরুদ্দিন, হুসেইন হাসান ওনেইসি এবং আসাদ হাসান সাবরা।
এদের বিরুদ্ধে খুন, সন্ত্রাস এবং বৈরুতে বোমা হামলার অভিযোগ আছে।
হারিরি হত্যাকাণ্ডের ঘটনায় লেবাননে মেরুকরণ ঘটে এবং গণবিক্ষোভ দেখা দেয়। লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেয় সিরিয়া। এরপরই এ ঘটনাটি নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতে গঠিত হয় বিশেষ ট্রাইব্যুনাল।
হিজবুল্লাহ হারিরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করছে তারা।
বৃহস্পতিবার আদালতের শুনানিতে কৌঁসুলি নরম্যান ফারেল বলেন, “হামলাকারীরা নিরীহ পথচারী থেকে শুরু করে একজন হোটেলকর্মী, ছাত্র, বাবা, ভাই, জ্ঞাতিভাই, মেয়ে এবং বন্ধুদেরকে হত্যা করেছে”।
তিনি আরো বলেন, “হত্যাকাণ্ড ঘটানোর জন্য যতটুকু প্রয়োজন ছিল তার চেয়েও শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে হামলাকারীরা শুধু হত্যাযজ্ঞ চালানোই নয় বরং বৈরুত এবং সর্বপোরি লেবাননের জনমনে ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল”।
হারিরির ছেলে সাদ হারিরি এবং পরিবারের অন্যান্য সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তোর নুরেমবার্গ বিচারের পর হেগ আদালতে লেবাননের হারিরি হত্যার বিচারটিই প্রথম আন্তর্জাতিক বিচারপক্রিয়া এবং সন্ত্রাসের অভিযোগও এটিই প্রথম।
এর মধ্য দিয়ে লেবাননে সন্ত্রাসের জন্য দায়ীদের বিচার থেকে অব্যাহতি পাওয়ার দীর্ঘ অধ্যায় অবসানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে হারিরির পশ্চিমা সমর্থকরা।
লেবাননে ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর থেকেই বোমা হামলাকারী এবং আততায়ীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে।
