সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২৬
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা একটি শহরে গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবারের ওই হামলার জন্য আল কায়েদা সংশ্লিষ্ট স্থানীয় জঙ্গি দল দ্য ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল) কে দায়ী করা হয়েছে।ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসআইএল এর একজন বেলজিয়ান কমান্ডার নিহত হওয়ার খবর প্রকাশ পায়। যদিও দলটির সমর্থকরা কমান্ডারের নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।আইএসআইএল আল কায়েদার ছোট কিন্তু শক্তিশালী শাখা। এর বেশিরভাগ যোদ্ধারা বিদেশি। এরা সিরিয়ায় গত প্রায় তিন বছরের গৃহযুদ্ধে কয়েকশ’ বিদ্রোহীকে হত্যা করেছে।এদিকে সিরিয়ার বিদ্রোহী জোটের সঙ্গী ইসলামিক ফ্রন্ট নামের একটি দল নিজেদের দখলকৃত এলাকা থেকে আইএসআইএলকে বিতাড়িত করার চেষ্টা করছে।আলেপ্পো প্রদেশের জেলা জারাবলাসে বুধবারের ওই গাড়ি বোমা বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই সিরিয়ার বিদ্রোহী দলের সদস্য। তবে তাদের মধ্যে অন্ততপক্ষে তিনজন বেসামরিক নাগরিকও রয়েছেন।হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আহত কয়েক ডজন মানুষের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।জারাবলাস জেলার আশেপাশ থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে আইএসআইএল। যদিও তারা আলেপ্পো প্রদেশের রাক্কাসহ বেশির ভাগ এলাকায় পুনরায় নিজেদের দখলে নিয়েছে।আইএসআইএল তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে বেশিরভাগ সময় গাড়িবোমা ব্যবহার করে। এমনকি সিরিয়ায় আইএসআইএল এর কিছু সদস্য তাদের সমর্থক সিরিয়ানদের সতর্ক করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।তারা বিদ্রোহীদের যেসব চেকপয়েন্ট বা শহর তাদের হামলার লক্ষ্যে পরিণত করতে পারে সমর্থকদের যেগুলো এড়িয়ে চলতে বলে।
