সিরিয়ার বিরোধীদলকে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হুঁশিয়ারি
আগামী সপ্তায় জেনেভায় অনুষ্ঠিতব্য সিরীয় শান্তি আলোচনায় যোগ না দিলে সিরিয়ার প্রধান বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন প্রতি সমর্থন পুনর্বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
সোমবার সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।ন্যাশনাল কোয়ালিশনের ওই কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের ওই শান্তি আলোচনায় কোয়ালিশনকে অবশ্যই যেতে হবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।জেনেভায় যাবে কী যাবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কোয়ালিশ শুক্রবার একটি ভোট গ্রহণ করবে বলে জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, “যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বলছে আমাদের জেনেভা যাওয়ার দরকার আছে।”“তারা আমাদের খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আমরা যদি না যাই তাহলে তারা এখন যেভাবে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে তা আর অব্যাহত রাখবে না, আর না গেলে আন্তর্জাতিক মহলের কাছে আমরাও গ্রহণযোগ্যতা হারাবো।”তবে অন্য বিদেশী সমর্থকরা এ ধরনের কোনো চাপ সৃষ্টি করছে না বলে জানিয়েছেন তিনি।তিনি বলেন, “ফ্রান্সও আমাদের যেতে বলছে, তবে এও জানিয়েছে, আমাদের সিদ্ধান্ত যাই হোক না কেন, তারা আমাদের সঙ্গে আছে। সৌদি আরব ও তুরস্কও একই ধরনের কথা বলেছে। তারা বলেছে, আমরা চাই তোমরা জেনেভা যাও, কিন্তু যদি না যাও বা ওতে কোনো কাজ না হয়, আমরা তোমাদের ছেড়ে যাব না।”ওয়াশিংটন ও লন্ডনের রাজনৈতিক সমর্থন কোয়ালিশনের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, তাদের সমর্থন প্রত্যাহার করা হলে তা একটি পার্থক্য তৈরি করবে।এ ধরনের হুমকি বাস্তব ভিত্তিক কীনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তিনি বলেন, মধ্যপন্থী বিরোধীদল ছাড়া সিরিয়ায় বিকল্প হিসেবে থাকে শুধু আসাদ সরকার অথবা উগ্রপন্থীরা।“বিকল্প কী হবে? একজন নিষ্ঠুর একনায়ক আছেন যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, অপরপক্ষে আছে আল কায়েদা। এ অবস্থায় আমাদের সঙ্গে সম্পর্ক না রেখে কার সঙ্গে সম্পর্ক রাখবে তারা?”তিন বছর আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হওয়ার পর থেকেই সিরিয়ার বিরোধীদলগুলো গভীরভাবে বিভক্ত হয়ে আছে।এর আগে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া জানিয়েছে, শান্তি আলোচনা চলাকালে “স্থানীয়ভাবে যুদ্ধবিরতির” সম্ভবনার বিষয়ে তারা আলোচনা করেছেন।‘জেনেভা টু’ নামে পরিচিতি পাওয়া সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য এই শান্তি আলোচনা সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের সূচনা ঘটাতে পারবে বলে আশা করা হচ্ছে।
