রাশিয়ার দক্ষিণাঞ্চলে বোমাসহ পাঁচ জঙ্গি গ্রেপ্তার
রাশিয়ার দক্ষিণাঞ্চল শহর শোচিতে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ওই অঞ্চল থেকে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের পাচ সদস্যকে একটি বোমাসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার শোচি থেকে ৩শ’ কিলোমিটার দূরে ককেসাস অঞ্চলের নালচিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় সন্ত্রাস-বিরোধী কমিটি (এনএসি)।নালচিক সংলগ্ন এলাকায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিদ্রোহী জঙ্গিরা।এই জঙ্গিরা অলিম্পিকে হামলা চালানোর হুমকি দিয়েছে, আর দক্ষিণ রাশিয়ার অপর শহর ভলগোগ্রাদে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে অন্তত ৩৪ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে।রুশ বার্তা সংস্থাগুলোতে প্রেরণ করা এক বিবৃতিতে এনএসি বলেছে, “একটি নিষিদ্ধ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।”এনএসি’র একজন মুখপাত্র রয়টার্সর্কে ওই বিবৃতির ভাষ্য নিশ্চিত করেছেন।বিবৃতিতে বলা হয়, “সন্ত্রাস-বিরোধী এই অভিযানে অস্ত্রশস্ত্র, গ্রেনেড এবং যে কোনো সময় ব্যবহারের উপযুক্ত ঘরে তৈরি একটি বোমা উদ্ধার করা হয়েছে।”যে ঠিকানা থেকে জঙ্গিদের গ্রেপ্তারের করা হয়েছে সেখান থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে এনএসি।নালচিক থেকে একশ কিলোমিটার দূরের শহর বেসলানে ২০০৪ সালে একটি স্কুলে এক গেরিলা হামলায় ৩শ’ ৩১ জন নিহত হন, যাদের অর্ধেকই শিশু।আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক। অলিম্পিক আয়োজন সফল করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন।কিন্তু সাবেক চেচেন গেরিলা কমান্ডার দোকু উমারোভের নেতৃত্বাধীন ‘ককেশাস আমিরাত’ নামে একটি ইসলামপন্থী গোষ্ঠি অলিম্পিক আয়োজন ব্যর্থ করতে “সর্বোচ্চ শক্তি” প্রয়োগের জন্য জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছেন।রাশিয়ার অলিম্পিক কমিটির প্রধান জানিয়েছেন, গেমসের নিরাপত্তা নিশ্চিত করতে মস্কো সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। গেমসের নিরাপত্তা নিশ্চিত করতে গত সপ্তাহেই রুশ নিরাপত্তা বাহিনীর ৩৭ হাজার সদস্যকে শোচিতে পাঠানো হয়েছে।
