২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তালেবান বন্দিদের’ মুক্তি দিচ্ছে আফগানিস্তান

যুক্তরাষ্ট্র নিরাপত্তায় ঝুঁকি বলে মনে করে এমন বেশকিছু বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

নিউজ ডেস্ক

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 10:51 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

আফগানিস্তানের রাজধানী কাবুলের বাগরাম বিমান ঘাঁটির জেলে তালেবান ও আল কায়েদা সদস্য সন্দেহে আটক রয়েছে এসব বন্দি। যুক্তরাষ্ট্র সম্প্রতি জেলটি আফগান সরকারের হাতে হস্তান্তর করেছে।

প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বন্দিদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকায় তাদেরকে মুক্তি দেয়া হবে।

যুক্তরাষ্ট্র ঝুঁকিপূর্ণ বলে মনে করে এমন ৮৮ জন বন্দির মধ্যে মাত্র ১৬ জনকে বিচার করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ আছে দাবি করে আফগানিস্তান বাদবাকী বন্দিদের মুক্তি দেয়ার পরিকল্পনা জানিয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্টের মুখপাত্র একথা জানান।

এ বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পরও দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করতে অস্বীকৃতি জানিয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়েছেন কারজাই।

এর মধ্যে বন্দিমুক্তির এ সিদ্ধান্ত নিয়ে তিনি আরো মার্কিন রোষে পড়ার ঝুঁকি নিলেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কে দেখা দেবে আরেকদফা টানাপোড়েন।

যুক্তরাষ্ট্র বন্দিমুক্তির তীব্র বিরোধিতা করছে। কারণ, তাদের অভিযোগ, এই বন্দিরা মার্কিন এবং নেটো সেনাদের হত্যার ঘটনায় জড়িত ছিল।

২০১৩ সালের মার্চে যুক্তরাষ্ট্র আফগান সরকারের হাতে বাগরাম জেলের দায়িত্ব হস্তান্তরের পর থেকে শ’শ’ বন্দি মুক্তি পেয়েছে।

আফগান সরকার বলছে, ৮৮ বন্দির মধ্যে ৪৫ জনের বিরুদ্ধেই কোনো তথ্যপ্রমাণ নেই। আর ২৭ জনের বিরুদ্ধে যেসব তথ্যপ্রমাণ আছে তা তাদের বিচার করার জন্য যথেষ্ট নয়।

কারজাইয়ের মুখপাত্র আয়মল ফাইজি রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, “আমরা নির্দোষ আফগান নাগরিকদেরকে মাসের পর মাস, বছরের পর বছর কোনো কারণ ছাড়াই বিচারের জন্য বন্দিশালায় আটকে রাখতে পারি না”।

আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের প্রধান বৃহস্পতিবার সকালে এক বৈঠকে বন্দিদের বিষয়টি প্রেসিডেন্ট কারজাইকে অবহিত করার পর বন্দিমুক্তির সিদ্ধান্ত হয়।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিনেটররা আফগানিস্তান সফরের সময়ই এই বন্দিদের মুক্তি না দেয়ার ব্যাপারে কারজাইকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বন্দিমুক্তির পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।