উত্তর আমেরিকায় শৈত্যপ্রবাহের তীব্রতা কমছে
মঙ্গলগ্রহের চেয়েও বেশি শীতে কাবু উত্তর আমেরিকায় শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে শুরু করেছে।
মেরু ঘূর্ণাবর্তে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে পারদ উপরে উঠছে। যদিও অনেক এলাকাতেই এখনো তাপমাত্রা হিমাঙ্কের নিচে রয়েছে।
প্রচণ্ড শৈত্যপ্রবাহে গত রোববার থেকে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। ফ্লাইট বাতিল হয়েছে ১১ হাজারেরও বেশি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যেই নিম্ন তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে।
তবে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকাতেই স্বাভাবিক অবস্থা ফিরে আসার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও বুধবার পূর্বাঞ্চলে আবহাওয়া উষ্ণ হয়ে ওঠার পূর্বাভাস দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে গত কয়েকদিনের তাপমাত্রা মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা বেড়েছে।
আটলান্টা, জর্জিয়ায় তাপমাত্রা রেকর্ড নিম্ন মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে বুধবার মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
নিউ ইয়র্কেও মঙ্গলবারের রেকর্ড নিম্ন তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে পরদিন বেড়ে হয়েছে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে এ সপ্তাহে তামপাত্রা এতটাই নিচে নেমে গিয়েছিল যে তা মঙ্গলগ্রহের শীতকেও হার মানায়।
কানাডাও এ চরম আবহাওয়ার দুর্ভোগে পড়ে। অন্টারিও প্রদেশের তাপমাত্রা নেমে যায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে। বাতিল হয় শত শত ফ্লাইট। টরেন্টো এবং অটোয়ার রাস্তা বিপজ্জনক তুষারে ঢাকা পড়ে।
মার্কিন এক আবহওয়াবিদ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলেছেন, আর্কটিক অঞ্চলের চেয়েও কম তাপমাত্রায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে।
বুধবার থেকেই রাতারাতি উষ্ণতা বেড়ে বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়া প্রায় স্বাভাবিক হয়ে আসার আশা প্রকাশ করেন তিনি।
