২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

পাকিস্তানের সাবেক সেনাসাশক জেনারেল পারভেজ মুশাররফকে রাষ্ট্রদ্রোহের মামলায় পরবর্তী শুনানির দিন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 07:12 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

মুশাররফের আইনজীবী তার শারিরীক অসুস্থতার কথা বিবেচনা করার আবেদন জানালেও আদালত শুনানির দিন মুশাররফকে হাজির থাকতে হবে বলে রায় দিয়েছে।

আদালতে মুশাররফের শুনানির পরবর্তী তারিখ ১৬ জানুয়ারি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আগামী শুনানিতে উপস্থিত থাকতে না পারার মতো কোনো কারণ মুশাররফের ডাক্তারি প্রতিবেদনে পাওয়া যায়নি।

গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহের মামলার শুনানিতে উপস্থিত হওয়ার জন্য আদালতে যাওয়ার পথে বুকব্যাথায় আক্রান্ত হলে মুশাররফকে হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি সেখানেই আছেন।

বিবিসি জানায়, পাকিস্তানের অনেকেই মুশাররফের এ অসুস্থতার খবরকে সন্দেহের চোখে দেখছেন।

মুশাররফ এর আগে নিরাপত্তাজনিত কারণে ২৪ ডিসেম্বর এবং এরপর ১ জানুয়ারি শুনানিতে আদালতে উপস্থিত হতে পারেননি।

পাকিস্তানের সামরিক শাসকদের মধ্যে মুশাররফকেই প্রথম রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারের মুখোমুখি করা হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডও হতে পারে।

তার বিরুদ্ধে হত্যা ও বিচারবিভাগের কাজে বিঘ্ন সৃষ্টির আলাদা আলাদা অভিযোগ আনা হয়েছে। আর ২০০৭ সালে সংবিধান স্থগিত করে পাকিস্তানে জরুরি অবস্থা জারির অভিযোগে মুশাররফের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ।

তবে মুশাররফের তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।