ভারতে মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ
যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিচার নিয়ে বিরোধের জেরে ভারত সরকার এবার মার্কিন দূতাবাস পরিচালিত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে বলেছে।
নয়াদিল্লিতে প্রবাসী মার্কিনিদের জন্য দূতাবাসের ক্লাব বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বুধবারই।
১৬ জানুয়ারির মধ্যে ‘আমেরিকান কমিউনিটি সাপোর্ট অ্যাসোসিয়েশন’(এসিএসএ)অধীনে পরিচালিত রেস্টুরেন্ট-বার, ভিডিও ক্লাব, বোলিং অ্যালে, সুইমিং পুল, খেলার মাঠ, বিউটি পারলার এবং জিমনেসিয়াম বন্ধ করতে বলা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
ভারত কর্তৃপক্ষ বলেছে, এসিএসএ’র আওতায় ভারতে বসবাসকারী সাধারণ মার্কিন নাগরিকদেরও এসব বাণিজ্যিক সুবিধা ভোগ করাটা ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের ৪১(৩)ধারার লঙ্ঘন।
ভিসা জালিয়াতির অভিযোগে দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ১৩ জানুয়ারিতে অভিযোগ গঠনের কথা রয়েছে। এর মাত্র ৫ দিন আগেই ওই যুক্তি দেখিয়ে মার্কিন দূতাবাসকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিল ভারত।
নয়াদিল্লি দেবযানীকে বিচার করার ব্যাপারে আপত্তি জানিয়ে আসলেও ওয়াশিংটন তাকে বিচার করার প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ।
আর সে কারণে ১৩ জানুয়ারিতে দেবযানী অভিযুক্ত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরি করতে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের ক্লাব, সুইমিং পুল, রেস্টুরেন্ট এবং বারে সাধারণ মার্কিন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিল ভারত সরকার। এছাড়া, বাণিজ্যিক কর্মকান্ডের জন্য মার্কিন নাগরিকদেরকে আয়কর বিবরণীও জমা দিতে বলেছে নয়াদিল্লি।
১২ ডিসেম্বরে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেয়ার অভিযোগে দেবযানীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ।
গ্রেপ্তারের সময় প্রকাশ্যে তার হাতে হাতকড়া পরানো হয় এবং ধরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।
দেবযানীর মামলার বিষয়টি নিয়ে দুপক্ষ এখনো নিজ নিজ অবস্থানে অনঢ় রয়েছে। দেবযানীর আইনজীবী এরই মধ্যে ১৩ জানুয়ারির সময়সূচি আরো ৩০ দিন বাড়ানোর অনুরোধ করেছেন।
ওদিকে, দেবযানী তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। আটকের পরপরই তিনি জামিনে মুক্তি পান। ভারত সরকার তাকে হেনস্তা করার কারণে মার্কিন সরকারকে ক্ষমা চাইতে বললেও যুক্তরাষ্ট্র তা অগ্রাহ্য করেছে।
