আলেন্দের মৃত্যু নিয়ে তদন্ত বন্ধ
চিলির সাবেক প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দের মৃত্যু রহস্য নিয়ে তদন্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ১৯৭৩ সালে সেনাঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন আলেন্দে।
দুই বছর আগে এক আইনি অনুসন্ধানে বলা হয়েছিল, আলেন্দে তার নিজের অফিসে গুলিতে আত্মহত্যা করেছিলেন।চিলির সুপ্রিম কোর্ট এই প্রতিবেদন সঠিক ছিল বলে নিশ্চিত করেছে। সেই সঙ্গে পুনরায় এ বিষয়ে তদন্ত শুরু করার দুইটি আবেদন খারিজ করে দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।যদিও আলেন্দের অনেক সমর্থক এখনো বিশ্বাস করেন প্রেসিডেন্টের প্রসাদে অভিযান চালানোর সময় সেনা সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। তবে আলেন্দের পরিবার সবসময়ই তার আত্মহত্যার বিষয়টি মেনে নিয়েছে।মৃত্যু নিয়ে বিতর্কের কারণে ২০১১ সালে সাবেক এই প্রেসিডেন্টের মৃতদেহ পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল।আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল দ্বারা বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে, আলেন্দে একটি একেএ রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন।যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ডেভিড প্রিয়র যিনি ওই তদন্ত কার্যক্রমে অংশ নিয়েছিলেন তিনি বলেন, আলেন্দের দুই পায়ের মাঝখানে বন্দুকটি পাওয়া গিয়েছিল এবং ওটা ‘স্বয়ংক্রিয়’ অবস্থায় ছিল।প্রেসিডেন্টের কন্যা সিনেটর ইসাবেলা আলেন্দে বলেন, তার পরিবার এই খবরটি গ্রহণ করেছে।আলেন্দের স্ত্রী বলেন, “প্রতিবেদনে শেষপর্যন্ত এমন পরিণতির কথা বলা হয়েছে যেটা আমরা এরইমধ্যে বিশ্বাস করেছি। যখন তিনি চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তখন তিনি অপমানিত হওয়ার চাইতে নিজের জীবন শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।”আলেন্দে চিলির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর ৬৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।আলেন্দে ১৯৭০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই সময় তার নিয়োগ দেয়া জেনারেল আগস্তো পিনোচেটই পরে তার বিরুদ্ধে সেনাঅভ্যুত্থান পরিচালনা করেন এবং ক্ষমতা দখল করেন।জেনারেল পিনোচেট চিলির অর্থনৈতিক নীতির আমূল পরিবর্তন ঘটান, বিরোধীদের সমূলে ধ্বংস করে দেন এবং ১৯৯০ সাল পর্যন্ত কঠোর হস্তে দেশটি শাসন করেন।সরকারি হিসাব অনুযায়ী ওই সময় ৪০ হাজার ১৮ জন মানুষ পিনোচেটের একনায়কতন্ত্রের শিকার হন, তাদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়। এছাড়া পিনোচেটের আমলে তিন হাজার ৬৫ জন খুন অথবা গুম হন।
