আল কায়েদা যোদ্ধাদের ওপর সিরীয় বিদ্রোহীদের হামলা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধরত আল কায়েদার শাখা ইসলামিক স্টেট ইন ইরাক এবং লেভান্ত (আইএসআইএল) এর বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে সিরিয়ার বিদ্রোহীরা।
শনিবার থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এ লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন সরকার বিরোধী আন্দোলনকারীরা।প্রায় পৌনে তিন বছরের গৃহযুদ্ধে বিদ্রোহী উপদলগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই।আইএসআইএল এর উগ্রপন্থী বিদেশী জিহাদি যোদ্ধাদের কার্যকলাপ বিদ্রোহী অধিকৃত অঞ্চলগুলোতে সাধারণ সিরীয়দের মনে বিরক্তি তৈরি করেছে। আল কায়েদার সঙ্গে সম্পর্কিত শক্তিশালী এই দলটির বাড়াবাড়ি কয়েক মাস ধরে উত্তরোত্তর বাড়তে থাকায় তাদের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ শুরু করেছে বিদ্রোহীরা।শুক্রবার আলেপ্পে ও ইদলিব প্রদেশের তুর্কি সীমান্তবর্তী এলাকায় এ দুপক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।আইএসআইএল’র সঙ্গে লড়াইরত বাহিনীগুলোর মধ্যে একটি হচ্ছে নতুনভাবে গঠিত মুজাহিদিন আর্মি। বিদ্রোহীদের আটটি বিগ্রেড নিয়ে তৈরি হয়েছে মুজাহিদিন আর্মি।আসাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের অর্জনগুলো আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠিগুলো ছিনতাই করে নিচ্ছে বলে অভিযোগ করেছে মুজাহিদিন আর্মি।তারা বলেছে, “আইএসআইএল’র যোদ্ধারা মুক্ত এলাকার স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করছে। তারা চুরি, অপহরণ ও তাদের নিজস্ব ধরনের ইসলামি চিন্তা-চেতনা মুক্ত এলাকার বাসিন্দাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।”আইএসআইএল’কে সিরিয়া থেকে বের করে না দেওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছে মুজাহিদিন।এর প্রতিক্রিয়ায় আইএসআইএল’র পক্ষ থেকেও পাল্টা লড়াই করার কথা জানানো হয়েছে। তারা বলেছে, “আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে পারে না।”কয়েকটি ইসলামি বিগ্রেড নিয়ে গঠিত ইসলামিক ফ্রণ্ট, যারা এক সময় আইএসআইএল’র ঘনিষ্ঠ ছিল, তারাও উত্তর আলেপ্পোতে গোষ্ঠিটির সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে জড়িয়ে পড়েছে।এসব লড়াইয়ে অন্তত ৬০ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।আগামী ২২ জানুয়ারী জাতিসংঘের উদ্যেগে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বহুজাতিক শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে বিদ্রোহীদের বিবদমান পক্ষগুলোর এ লড়াই প্রেসিডেন্ট আসাদের অবস্থানকে শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
