বন্দিদশায় লেবাননে আল-কায়েদা প্রধানের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাজধানী বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লেবাননে আল-কায়েদার কমান্ডার মাজিদ বিন মুহাম্মদ আল-মাজিদের মৃত্যু হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
সৌদি আরবের নাগরিক মাজিদ লেবাননে ক্রিয়াশীল জঙ্গি গোষ্ঠী আব্দুল্লাহ আজম ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। নিজ দেশেও শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন তিনি। সম্প্রতি লেবাননে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন এই জঙ্গি নেতা।
লেবাননের সেনাবাহিনীর এক জেনারেল বার্তা সংস্থা এপিকে বলেন, কিডনি বিকল হয়ে মাজিদ মারা গেছেন।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সহিংসতার জন্য আব্দুল্লাহ আজম ব্রিগেডকে দায়ী করা হয়। গত নভেম্বরে বৈরুতে ইরানি দূতাবাসে অন্তত ২৫ জন নিহতের ঘটনায় নিজেদের দায় স্বীকার করে তারা।
শুক্রবার মাজিদকে বৈরুতের একটি সামরিক হাসপাতালে নেয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ওই দিনই ডিএনএ পরীক্ষায় তার পরিচয় সনাক্ত হয়।
আল-কায়েদা সংশ্লিষ্ট আজম ব্রিগেডকে গত বছর সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
