কায়রোয় আল-জাজিরার ৩ সাংবাদিক গ্রেপ্তার
সংবাদমাধ্যম আল-জাজিরাতে কর্মরত তিন সাংবাদিককে রাজধানী কায়রো থেকে গ্রেপ্তার করেছে মিশরের পুলিশ।
গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মধ্যে আল-জাজিরার কায়রো ব্যুরো প্রধান মোহাম্মদ ফাদেল ও বিবিসি’র সাবেক বিশেষ প্রতিবেদক পিটার গ্রিস্তেও রয়েছেন।রোববার রাতে কায়রোর একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিবিসি।মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এসব সাংবাদিকরা নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সঙ্গে অবৈধ বৈঠক করেছিল।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কায়রোর ওই হোটেলের রুম থেকে ক্যামেরা, রেকর্ড করা বিভিন্ন তথ্য ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে।বিবৃতিতে মিশরের “জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত” করার মতো সংবাদ পরিবেশনের দায়ে ওই সাংবাদিকদের অভিযুক্ত করা হয়।গত সপ্তাহে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে মিশর সরকার। জুলাইয়ে মুসলিম ব্রাদারহুড সমর্থিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।মুরসিকে ক্ষমতা থেকে হটানোর পর থেকেই সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে দমননীতি অনুসরণ করে। মুসলিম ব্রাদারহুডের শীর্ষ পর্যায়ের নেতাসহ হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করে, তাদের অনেককে বিচারের মুখোমুখি করা হয়।পর্যবেক্ষকরা বলছেন, মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মিশরের গণমাধ্যমের পরিবেশ তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে আছে।সেনাবাহিনী ক্ষমতা দখল করার পরপরই বেশ কয়েকটি ইসলামি চ্যানেল বন্ধ করে দেয়া হয়। এসব চ্যানেলে যে সব সাংবাদিক কাজ করতেন তাদের আটক করা হয়।গত দুদিনে মুসলিম ব্রাদারহুড সমর্থকরা পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর এই সাংবাদিকদের গ্রেপ্তার করা হল। এসব সংঘর্ষে কায়রো, দক্ষিণাঞ্চলীয় মিনিয়া প্রদেশ ও নীল নদ উপত্যকায় তিন জন নিহত হয়েছেন এবং ২৬৫ জন ব্রাদারহুড সমর্থককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।নীল নদের উপত্যকায় পুলিশের একটি দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হওয়ার পর মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।
