২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে হামলা : ইয়েমেনি আল কায়েদার দুঃখ প্রকাশ

চলতি মাসের প্রথম দিকে রাজধানী সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে হামলার সময় একটি সামরিক হাসপাতালে হামলার জন্য দলের বিশ্বাসঘাতক যোদ্ধাদের দায়ী করেছে আল কায়দা ইয়েমেনি শাথা আনসার আল শরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার এক বিবৃতিতে ওই হামলাটি ভুল ছিল বলে গোষ্ঠিটির পক্ষ থেকে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আমাদের যুদ্ধের পথ এটা না, আর আমরা মানুষদের যা করতে বলি এটা তাও না, এটি আমাদের পন্থা না।”

হাসপাতালটিতে হামলা না করার জন্য তাদের যোদ্ধাদের সতর্ক করে দিয়েছিল বলে বিবৃতিতে দাবী করে গোষ্ঠিটি।

৫ ডিসেম্বরে চালানো ওই হামলায় অন্তত ৫২ জনকে হত্যা করা হয়। ইয়েমেনে গত ১৮ মাসের মধ্যে ওটা ছিলো সবচেয়ে নৃশংসতম হামলার ঘটনা। হামলার পর আনসার আল-শরিয়া ওই হামলার দায় স্বীকার করেছিলো।

যুক্তরাষ্ট্র হাসপাতালের একটি অপারেশন কক্ষ থেকে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন হামলা পরিচালনা করেছে, যাতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে, এ কারণে হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে তখন তারা যুক্তি দিয়েছিল।

হামলায় নিরস্ত্র চিকিৎসক, চিকিৎসা কর্মী ও রোগীরা নিহত হন, যা হাসপাতালের ক্লোজ-সার্কিট ক্যামেরায় ধরা পড়ে এবং তা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়।

এ ঘটনা পুরো ইয়েমেনকে বিক্ষুব্ধ করে তোলে। বিদেশি ড্রোন (চালকবিহীন বিমান) হামলার বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য আল কায়দা লড়াই করছে প্রচার করলেও হাসপাতালে হামলার ঘটনায় সাধারণ মানুষের কাছে তাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার যে ফুটেজ দেখানো হয় সেখানে দেখা যায়, ইউনিফর্ম পরা ব্যক্তিরা হাসপাতালের বারান্দা ও ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে এবং চিকিৎসক ও রোগীদের গুলি করছে।

ফুটেজে আরো দেখা যায় একজন হামলাকারী ভয়ে জড়সড় হয়ে থাকা রোগীদের ওপর দিয়ে হাঁটছে। একটি দেয়ালের ওপাশে চলে যাওয়ার আগে সে শান্তভাবে একটি হ্যান্ডগ্র্রেনেড নিয়ে রোগীদের সামনে লোফালুফি করছিলো।