২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া শান্তি আলোচনায় ইরানের উপস্থিতি অনিশ্চিত

সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় ইরানকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

২২ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে বিবিসি জানিয়েছে।

শুক্রবার ইরানের বিষয়ে মধ্যস্থতাকারীদের সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতার কথা জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ-আরব লিগের মনোনীত শান্তিদূত লাখদার ব্রাহিমি।

ব্রাহিমি জানিয়েছেন, শান্তি সম্মেলনে ইরানের উপস্থিতি সঠিক হবে এমনটি মেনে নিতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র।

এই সম্মেলনের জন্য ২৬টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও যুক্তরাষ্ট্রের বাধায় ইরানকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তিনি।

জেনেভা-২ নামে পরিচিতি পাওয়া এই শান্তি সম্মেলনটি আয়োজনের জন্য জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল।

সিরিয়ার শরণার্থীদের জন্য মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করা, গৃহযুদ্ধের অবসান ও সিরিয়ার ক্ষমতা হস্তান্তরে রাজনৈতিক রূপরেখা তৈরি করা সম্মেলনের উদ্দেশ্য।

সম্মেলনে কোন কোন দেশকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়টি চূড়ান্ত করার জন্য ব্রাহিমি জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।

আলোচনার পর তিনি বলেন, “ইরানের বিষয়ে আমরা এখনো একমত হতে পারিনি। এটা কোনো গোপন বিষয় নয় যে আমরা জাতিসংঘের পক্ষ থেকে ইরানের অংশগ্রহণকে স্বাগত জানাই, কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের অংশীদাররা এ বিষয়টি এখনো মেনে নেননি।”

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নেয়ার কারণে সম্মেলনে ইরানের অংশগ্রহণের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।