২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার অর্থ সাহায্যে ইউক্রেনের অর্থনৈতিক পুনরুজ্জীবন

রাশিয়ার কাছ থেকে দেড় হাজার কোটি ডলার অর্থ সাহায্য পাওয়া নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। এর মাধ্যমে দেশকে ঋণ খেলাপি হওয়া থেকে বাঁচিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারবেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Dec 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

মঙ্গলবার ইউক্রেনীয় আর্থিক বন্ড কেনার ও রপ্তানিকৃত গ্যাসের দাম কমানোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব গ্রহণ করে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে সই করেছেন ইয়ানুকোভিচ।

মস্কোর ক্রেমলিনে পুতিন ও ইয়ানুকোভিচ পাশাপাশি বসে চুক্তিটিতে সই করেন।

এই চুক্তি কিয়েভকে রাজনৈতিকভাবে দৃঢ়ভাবে মস্কোর প্রভাব বলয়ে যুক্ত করেছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা।

এতে নিজ দেশে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দেশকে পুরনো সোভিয়েত প্রভুর কাছে বিক্রি করে দিয়েছেন তিনি।

অর্থনীতিকে পুনরুজ্জীবনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দেয়া প্রস্তাব গ্রহণ করে তার পদত্যাগের দাবিকে আবার জাগিয়ে তুলেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্যিক ও রাজনৈতিক চুক্তি সই থেকে পিছু হটে আগেই বিরোধীদের ক্ষুব্ধ করে রেখেছিলেন তিনি।

সেই সময় তার পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ দেশটির রাজধানী কিয়েভের রাজপথে নেমে সহিংস বিক্ষোভে ফেটে পড়েছিল। এখন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হওয়ায় আবার ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের মুখে পড়েছেন তিনি।

মঙ্গলবার চুক্তি সইয়ের পর হাজার হাজার সরকারবিরোধী আন্দোলনকারী কিয়েভের রাজপথে নেমে আসে। প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা।

উলিয়া নামের এক বিক্ষোভকারী ছাত্র বলেন, “আমরা ইউরোপের সঙ্গে যুক্ত হতে চাই, রাশিয়ার সঙ্গে না, এটি আমাদের সিদ্ধান্ত।”

উপস্থিত জনতার উদ্দেশে হেভিওয়েট মুষ্ঠিযুদ্ধ চ্যাম্পিয়ন এবং বিরোধীদলীয় নেতা ভিতালি ক্লিটশ্চকো অভিযোগ করে বলেন, “তিনি ইউক্রেনের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছেন, স্বাধীনতাকেও বিসর্জন দিয়েছেন।”

কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধীদের দখল করে রাখা কিয়েভের সেন্ট্রাল স্কোয়ারে সরকারবিরোধী এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে বিরোধীদলগুলোর নেতারা। পুরা শীতের ছুটিজুড়েই এই সমাবেশ চলবে বলে ঘোষণা করেছেন তারা।

ঋণ খেলাপি হওয়া থেকে বাঁচতে আগামী বছরের মধ্যে এক হাজার সাতশ’ কোটি ডলারের জরুরি তহবিল দরকার ইউক্রেনের।