২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গ্যাস পাইপলাইনে হামলায় নিহত ১৮

ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বে গ্যাস পাইপলাইনে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন ইরানি ও ৩ জন ইরাকি শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 11:18 AM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শুক্রবার দেশটির উত্তর-পূর্বের বাকুবা শহরের কাছে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

হামলাকারীরা তিনটি গাড়িতে করে দ্রুত বেগে এসে গ্যাস পাইপলাইন সম্প্রসারণের কাজে নিয়োজিত শ্রমিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ১৮ জন নিহত হওয়া ছাড়াও আরও সাতজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে পাঁচজন ইরানি ও দুইজন ইরাকি শ্রমিক।

প্রতিবেশী ইরান থেকে গ্যাস এনে ইরাকি গ্যাস সরবরাহ নেটওয়ার্কে যুক্ত করার জন্য নতুন লাইন স্থাপনের জন্য দুদেশের শ্রমিকরা মাটি খনন করছিল।

হামলায় আহত শ্রমিক ইব্রাহিম আজিজ জানিয়েছেন, বন্দুকধারীরা তিনটি গাড়িতে করে এসে তাদের ওপর হামলা চালায়।

এছাড়া একইদিন ইরাকজুড়ে বিভিন্ন হামলায় আরো অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং একটি কারাগার থেকে ২২ জন সন্দেহভাজন বন্দি সন্ত্রাসী পালিয়েছে।