নিষেধাজ্ঞার পরিধি বাড়াল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইরান
ইরানে বিদ্যমান নিষেধাজ্ঞায় আরো কিছু ইরানি ব্যক্তিত্ব এবং কোম্পানিকে অন্তর্ভুক্ত করে এর পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
এ পদক্ষেপ ২৪ নভেম্বরের জেনেভা চুক্তির পরিপন্থি বলে তীব্র সমালোচনা করেছে ইরান। পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি।
জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে একটি চুক্তি সই করে ইরান।
ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ শক্তিধর ছয় দেশ ইরানের কয়েকটি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং ইরানের বিরুদ্ধে ছয়মাস নতুন কোন নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের আরো ১৯ জন ব্যক্তিত্ব ও কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
এর পরই ভিয়েনায় ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় ছেদ পড়ে। জেনেভা চুক্তি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা চলছিল।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের এ নতুন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে ফার্স বার্তা সংস্থায় বলেছেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি। ইরান ১৯ জন ব্যক্তি এবং কোম্পানির ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা অনুযায়ীই এর জবাব দেবে।এ পদক্ষেপ জেনেভা চুক্তির মূলমন্ত্রের পরিপন্থি”।
