মিয়ানমারে ৪১ রাজবন্দির মুক্তি
মিয়ানমার ৪১ জন রাজবন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র।
বুধবার এই বন্দিদের মুক্তি দেয়ার মধ্য দিয়ে এ বছরের শেষ নাগাদ সব রাজবন্দিকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি পূরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেল মিয়ানমার সরকার।
এর আগে ২০১১ সালের মার্চে মিয়ানমারে আধা-বেসামরিক সরকার ক্ষমতা নেয়ার পর থেকে ধারাবাহিকভাবে কয়েকদফায় রাজবন্দিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে।
মিয়ানমারে রাজবন্দিদের অ্যাসিসটেন্ট এসোসিয়েশনের হিসাবমতে, একের পর এক বহু রাজবন্দির মুক্তির পর এখন দেশটিতে কারান্তরীণ আছে আর মাত্র ৪০ রাজবন্দি। আর অন্য আরো ২৩০ জনের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকান্ডের কারণে নানা অভিযোগ আছে বলে জানিয়েছে সংগঠনটি।
মিয়ানমারে সামরিক জান্তার শাসনামলের শেষ বছরে বিভিন্ন আন্দোলনকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ মিলিয়ে আটক ছিল ২ হাজার ৫শ মানুষ। এদের অনেকেই নির্যাতনের শিকার হয়েছে।
