মহানায়কের সম্প্রীতির মঞ্চে ওবামা-কাস্ত্রোর বিরল করমর্দন
দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখতে মঞ্চে ওঠার সময় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে সহাস্যে হাতে হাত মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
আদর্শগত দিক থেকে বিরোধপূর্ণ দুই দেশের দুই নেতার এ বিরল করমর্দনের মধ্য দিয়ে বর্ণবাদ-বিরোধী লড়াইয়ের মহানায়ক নেলসন ম্যান্ডেলার সম্প্রীতির সেই শক্তিরই যেন স্ফূরণ ঘটেছে।
১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর কেবলমাত্র ২০০০ সালেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন কিউবার সে সময়ের নেতা ফিদেল কাস্ত্রো।
এবার দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার স্মরণসভায় যোগ দিয়েছেন শত্রু-মিত্র নির্বিশেষে প্রায় সব বিশ্ব নেতাই। মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে তাদের সঙ্গে ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা ও সম্মান জানাতে সমবেত হয় অগণিত মানুষ।
যুক্তরাষ্ট্র এবং কিউবা অর্ধশতাব্দীর বেশি সময় ধরে একে অপরের শত্রু দেশ হওয়ার পরও এ দু’দেশের নেতাকেই স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখতে বলা হয়। মঞ্চে উঠে বারাক ওবামা বলেন, “ম্যান্ডেলা ছিলেন ইতিহাসের অতিমানব”।
ম্যান্ডেলা বিশ্বকে চিন্তা-ভাবনা এবং সক্রিয়ভাবে কাজ করার শক্তিরই শিক্ষা দিয়ে গেছেন উল্লেখ করে ওবামা বলেন, এ ক্ষমতাই ম্যান্ডেলার মতো একজন মানুষকে কেবল কারাবন্দিই না বরং কারারক্ষকেরও মুক্তির পথে চালিত করেছে।
“আমরা আর তার মতো একজন মানুষকে দেখব না। মাদিবার (ম্যান্ডেলার গোত্রীয় নাম) অভাব সবসময়ই রয়ে যাবে”, বলেন ওবামা।
ওদিকে, রাউল কাস্ত্রো তার বক্তৃতায় ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি মানুষের মর্যাদা এবং বৈপ্লবিক সংগ্রামের এক মূর্ত প্রতীক”।
রাউল কাস্ত্রোর ভাই ফিদেল কাস্ত্রোর শাসনামলে কিউবা ছিল বর্ণবাদের কট্টর সমালোচক। ম্যান্ডেলা এ সমর্থনের জন্য সবসময়ই কিউবাকে শ্রদ্ধা করেছেন।
অন্যদিকে, মাত্র ৫ বছর আগেও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ছিলেন ম্যান্ডেলা। বিষয়টি নিয়ে অনেকেই আপত্তি তোলার পর শেষপর্যন্ত ওই তালিকা থেকে তার নাম বাদ দেয়া হয়। আজ দক্ষিণ আফ্রিকায় সেই ম্যান্ডেলারই সম্প্রীতির মঞ্চে ওবামার মুখে ধ্বনিত হল তার প্রশস্তিগাঁথা।
স্মরণানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিবও। ম্যান্ডেলা স্মরণে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা একজন নায়ককে হারাল, জাতির পিতাকে খোয়াল। তিনি আমাদের মহান শিক্ষক ছিলেন। আমাদের দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিয়ে গেলেন। তিনি ছিলেন এতটাই আত্মত্যাগী ছিলেন যে, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সবকিছুই করে গেছেন।”
অনুষ্ঠানে ম্যান্ডেলার উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাও। কিন্তু অন্যান্য নেতাদের মতো তার বক্তব্যে দক্ষিণ আফ্রিকাবাসীদের তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। বরং তার বক্তব্যের সময় অনেককেই নেতিবাচক চিহ্ন প্রদর্শন এবং উপহাস করতে দেখা যায়।
এমনই এক আফ্রিকাবাসীর উক্তি “ম্যান্ডেলার একটি দূরদৃষ্টি ছিল।তিনি সেই দূরদৃষ্টি নিয়েই কাজ করে যেতেন। কিন্তু জুমা যা বলছেন তা নিয়ে তিনি কাজ করেন না।তার উচিত সম্মানজনক কাজটিই করা, পদত্যাগ করা”।
