নির্বাচনে অংশ নেবেন ইংলাক
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের মুখে সোমবার থাই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইংলাক। আর এরপরই তার দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
ইংলাকের পুয়ে থাই পার্টির প্রধান জারুপং রুয়াঙ্গসুয়ান বলেন, “তিনি (ইংলাক) নিশ্চিতভাবেই নির্বাচনে অংশ নেবেন। দলের সঙ্গে তিনি কঠোর পরিশ্রম করেছেন। আমরা আত্মবিশ্বাসী, আর এ কারণেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছি। আমরা চাই ডেমক্রেটিক পার্টি রাস্তার খেলা বাদ দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবে।”
সোমবারও প্রায় লাখো আন্দোলনকারী ব্যাংককের রাস্তায় মিছিল-সমাবেশ করেছে। অনির্বাচিত সরকার দেশটির শাসন ভার গ্রহণ করুক, এই দাবিতে তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
