২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা থাইল্যান্ডে

সরকারবিরোধী লাগাতার আন্দোলনের মুখে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশটির পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচন দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 10:21 AM

Updated : 25 Apr 2022, 07:38 PM

রোববার থাই বিরোধীদলের সব আইনপ্রণেতা পার্লামেন্ট থেকে একযোগে পদত্যাগ করার পর ইংলাক জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন বলে বিবিসি জানিয়েছে।

২০১১ সালে ইংলাকের নেতৃত্বাধীন দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।

আন্দোলনকারীদের অভিযোগ ইংলাকের সরকারকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নির্বাসিত নেতা থাকসিন সিনাওয়াত্রা নিয়ন্ত্রণ করছেন। এর পরিপ্রেক্ষিতে সরকারবিরোধীরা ধারাবাহিক আন্দোলন করার ঘোষণা দেয়।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইংলাক বলেন, “তার সরকার কোনো প্রাণহানি চায় না।”

“এই পরিস্থিতিতে যখন অনেক মানুষ ও অনেক গোষ্ঠী সরকারকে প্রত্যাখ্যান করছে সেক্ষেত্রে সবচেয়ে ভাল পথ হচ্ছে থাই জনগণকে একটি নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দ নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেয়া”, বলেন ইংলাক।

তবে নির্বাচনের কোনো তারিখ ঘোষণা না করে ‘যত দ্রুত সম্ভব’ তিনি নির্বাচন দেবেন বলে জানিয়েছেন।

বিবিসির সাংবাদিকরা বলছেন, আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

ইংলাক সিনাওয়াত্রার দলটিকে প্রধানত দেশটির দরিদ্র ও অনুন্নত অঞ্চলের জনগণ সমর্থন দিয়ে থাকে। ফলে আসন্ন নির্বাচনেও তারই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্দোলনকারীদের নেতা সুথেপ থাউসুগবান বলেছেন, “আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য থাকসিনের সরকারের মূলোৎপাটন।”

সরকারবিরোধী আন্দোলনকারীরা সোমবারও তাদের বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রেখেছে। প্রায় ১ লাখ বিক্ষোভকারী ব্যাংককে জমায়েত হয়েছে।

থাই স্বরাষ্ট্রমন্ত্রী জারুপং রুয়াঙ্গসুয়ান রোববার বলেন, “পুলিশ নিরস্ত্র। তাদের সঙ্গে কেবল ঢাল আর লাঠি রয়েছে। আমরা কাঁদুনে গ্যাসও ব্যবহার করবো না। কিন্তু একান্তই যদি কোনো উপায় না থাকে তবে খুব সীমিত পরিসরে সেটি ব্যবহার করা হবে।”

২০১০ সালে সরকারবিরোধী আন্দোলনে ৯০ জনেরও বেশি মানুষ মারা যান। ওই সময়ে থাকসিন সিনাওয়াত্রার অনুসারী হাজার হাজার মানুষ ব্যাংককের বিভিন্ন অংশ দখল করে নেয়। পরবর্তী সময়ে সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়। আর এতে প্রাণহানি ও রক্তক্ষয়ের ঘটনা ঘটে।

২০০৬ সালে থাকসিন সিনাওয়াত্রা এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির অভিযোগ তুলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে তিনি স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। কিন্তু তারপরও থাই রাজনীতিতে তার প্রবল প্রভাব রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক তারই ছোট বোন।