চীনের আকাশ প্রতিরক্ষা উদ্বেগজনক: বাইডেন
চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চল এ অঞ্চলের জন্য বেশ অস্বস্তিকর এবং উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
বেইজিং-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকে নতুন প্রতিরক্ষা জোন নিয়ে উদ্বেগের কথা খুব সরাসরিভাবেই বলেন বাইডেন।
চীনের ঘোষিত এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন-এডিআইজেড’ এর পরিসর ব্রিটেনের আকৃতির প্রায় দুই-তৃতীয়াংশ। এ অঞ্চলের মধ্যে আছে জাপানের সঙ্গে চীনের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ।
বেইজিং এ যুক্তরাষ্ট্রের নির্বাহী কর্মকর্তাদের এক সমাবেশে বাইডেন বলেন, “চীনের হঠাৎ নতুন আকাশ প্রতিরক্ষা জোন ঘোষণা এ অঞ্চলে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে”।
কিন্তু এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, জোনটি আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে এবং সে কারণে যুক্তরাষ্ট্রের তা সম্মানের সঙ্গে মেনে নেয়া উচিত।
২৩ নভেম্বর বেইজিং এ জোন ঘোষণার পর যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া এর প্রতিবাদ জানায়।
নিয়ম অনুযায়ী, চীনের ওই আকাশসীমায় প্রবেশকারী যে কোনো বিমানকে দেশটির অনুমতি নিতে হবে। তা না হলে, ওইসব বিমানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হবে বলে হুমকি দিয়ে রেখেছে চীন।
