২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার হাসান লাক্কিস নিহত

লেবাননের সশস্ত্র শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার হাসান লাক্কিস রাজধানী বৈরুতের কাছে নিহত হয়েছেন। তার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংগঠনটি।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার তার মৃত্যুর খবর হিজবুল্লাহনিয়ন্ত্রিত টিভি আল মানার সূত্রে জানিয়েছে বিবিসি।

আল মানারের খবরে জানানো হয়েছে, বৈরুত থেকে ৭ কিলোমিটার দূরে হাদাথ এলাকায় নিজ বাড়ির কাছে লাক্কিসকে ‘খুন’ করা হয়েছে।

লাক্কিসের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

বিবিসির বৈরুত প্রতিনিধি জিম মুইর জানিয়েছেন, সাধারণভাবে লাক্কিস তেমন পরিচিত না হলেও তিনি হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসারাল্লাহর ঘনিষ্ঠ ছিলেন বলে ধারণা করা হয়।

নভেম্বরে ইরানি দূতবাসে হামলার সঙ্গে সৌদি আরব জড়িত, হাসান নাসারাল্লাহ এমন অভিযোগ করার একদিন পরই লাক্কিসকে হত্যা করা হল।

বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, গভীর রাতে বাসায় ফেরার পথে লাক্কিসকে হত্যা করা হয়। এর আগে ইসরায়েল তাকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ি থেকে নামার আগেই ওঁত পেতে থাকা আততায়ী লাক্কিসকে লক্ষ করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি করে।

যে ভবনে তিনি বাস করতেন সেই ভবনের গাড়ি রাখার স্থানে তার ওপর হামলা চালানো হয়। মারাত্মক আহত অবস্থায় কাছের হাসপাতালে নেয়া হলে বুধবার সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

তার মৃত্যুতে কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইসরায়েল।

লেবাননের প্রতিবেশী দেশ সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে লড়ছে হিজবুল্লাহর গেরিলারা। আঞ্চলিক শক্তি শিয়া প্রধান ইরানও আসাদকে সর্বাত্মক সহযোগিতা করছে। দেশটি হিজবুল্লাহরও প্রধান পৃষ্ঠপোষক।

সিরিয়ার সুন্নি প্রধান বিদ্রোহীদের সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে প্রতিবেশী সুন্নি দেশ সৌদি আরব। শিয়া ও সুন্নিদের এসব লড়াইয়ের সূত্র ধরে লেবাননেও শিয়া-সুন্নিদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে যা প্রায়ই প্রাণঘাতী খণ্ড লড়াইয়ের কারণ হচ্ছে।