২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাতকে ‘বিষ প্রয়োগ করা হয়নি’

২০০৪ সালে মারা যাওয়া ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল- এ তত্ত্ব নাকচ করেছে তার মৃত্যুর ঘটনা তদন্তকারী ফরাসি বিশেষজ্ঞদল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 12:24 AM

Updated : 25 Apr 2022, 07:37 PM

বরং স্বাভাবিক কারণেই আরাফাতের মৃত্যু হয়েছে বলে মনে করছে তারা।

ফরাসি গণমাধ্যমে ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

ফরাসি বিজ্ঞানীদের এ প্রতিবেদন সুইস বিজ্ঞানীদের তদন্ত প্রতিবেদন থেকে একেবারেই ভিন্ন।
সুইস বিজ্ঞানীরা গত মাসে তদন্ত প্রতিবেদন দিয়ে জানায়, আরাফাতের দেহাবশেষ পরীক্ষায় উচ্চমাত্রার তেজস্ক্রিয় পোলোনিয়াম পাওয়া গেছে।

এতে করে আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে বহু ফিলিস্তিনির দীর্ঘদিনের বিশ্বাসই আরো সুদৃঢ় হয়।

২০০৪ সালের অক্টোবরে আরাফাত গুরুতর অসুস্থ হয়ে ফ্রান্সের সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর ১১ নভেম্বরে মারা যান। এত দ্রুত তার মৃত্যুর কারণ নিয়ে তখন থেকেই নানা জল্পনা-কল্পনা চলছে।

আরাফাতের চিকিৎসা প্রতিবেদনে বলা আছে, রক্তের গোলমাল থেকে স্ট্রোকে তিনি মারা যান। রক্তের গোলমালের কারণ কি ওই সময় তা নির্ধারণ করতে পারেননি ফ্রান্সের ডাক্তাররা।

সাধারণ ইনফেকশনে ভুগে স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে- একথাই এখন বলা হচ্ছে ফরাসি তদন্ত প্রতিবেদনে।

বহু ফিলিস্তিনিরই ধারণা ইসরায়েল আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করেছে। আরাফাতের বিধবা স্ত্রীও এ অভিযোগে আদালতে মামলা করার পর ফ্রান্স ২০১২ সালের অগাস্টে আরাফাতের মৃত্যুর তদন্ত শুরু করে।

কবর খুঁড়ে আরাফাতের দেহাবশেষ তুলে পরীক্ষা-নিরীক্ষা চালায় ফ্রান্স, সুইজারল্যান্ড এবং রাশিয়া। রাশিয়া এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।

ওদিকে, সুইজারল্যান্ড তদন্তে পোলোনিয়ামের অস্তিত্ব পাওয়ার কথা জানালেও আরাফাতের মৃত্যুর দীর্ঘ সময় পর তার দেহ এবং সীমিত নমুনা পরীক্ষার কারণে বিষ প্রয়োগে তাকে হত্যার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো উপসংহার টানতে পারেনি।