২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে পোশাক কারখানায় আগুন, ৭ জনের মৃত্যু

ইতালির তাসকানি প্রদেশে চীনা মালিকানাধীন একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগে অন্ততপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন মারাত্মক আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 10:12 AM

Updated : 25 Apr 2022, 07:36 PM

রোববার গভীর রাতে প্রদেশটির প্রাতো শহরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটির ওপরের তলায় অগ্নিকাণ্ডের সূচনা হয়, সেখানে ১১ জন মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুনে কারখানাটির ছাদের একটি অংশ ধসে পড়ে।

আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী লিওনার্দো তুচি ইতালীয় বার্তা সংস্থা আনসা’কে জানিয়েছেন, তিনি কারখানাটি থেকে ধোঁয়া বের হতে দেখেছেন ও চীনা শ্রমিকদের সাহায্য চেয়ে আর্তচিৎকার শুনেছেন।

তাসকান টিভিকে তিনি জানিয়েছেন, আগুন এত প্রবল ছিল যে ভবনের ভিতরের কিছুই দেখা যাচ্ছিল না।

চীনাদের পরিচালনায় কম মূল্যের পোশাক তৈরির কারখানার একটি কেন্দ্র হয়ে উঠেছে প্রাতো। এটি তাসকানির প্রধান শহর ফ্লোরেন্সের একটি উপশহর।

এই পোশাক তৈরির কারখানাগুলো কোন কোনটি চীনাদের দ্বারা সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন তাসকানির প্রাদেশিক গভর্নর রাবর্তো পিসতোনিনা।