২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া যুদ্ধের চরম মূল্য দিচ্ছে শিশুরা

সিরিয়ার চলমান যুদ্ধে একটি প্রজন্মের শিশুরা মারাত্মক ক্ষতির শিকার হয়ে বেড়ে উঠছে বলে একটি প্রতিবেদনে সতর্ক করেছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 12:15 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

সিরিয়ায় যুদ্ধের মুখে আশেপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া শরণার্থী শিশুরা শোষণ এবং অশিক্ষার ঝুঁকির মুখে দিন কাটাচ্ছে। বেঁচে থাকার জন্য কাজ করতে বাধ্য হচ্ছে তারা।

লেবানন এবং জর্ডানে আশ্রয় নেয়া ৩ লাখ শিশুই অশিক্ষায় বেড়ে ওঠার ঝুঁকিতে আছে বলে প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

পরিবারের চাহিদা মেটাতে অনেক শিশুকেই ঘন্টার পর ঘন্টা কাজ করতে হচ্ছে। এই শ্রম থেকে বাদ যাচ্ছে না ৭ বছর বয়সী শিশুরাও।

জাতিসংঘের হিসাবমতে, ২২ লাখ সিরীয় শরণার্থীর অর্ধেকেরও বেশি শিশু। তাদের অনেকেই যুদ্ধক্ষেত্রের বাইরেও মারাত্মক বিপদের মুখে আছে।

সিরিয়ায় যুদ্ধের কারণে অনেক শিশুই হয়ে গেছে অভিভাবকহীন। আলাদা হয়ে গেছে অনেক পরিবার।

আবার যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে শিশুদের একটা অংশ মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া, শরণার্থী হিসাবে জন্ম নেয়া অনেক শিশুরই জন্মসনদ না থাকায় তারা রাষ্ট্রীয় পরিচয়হীন হয়ে বেড়ে উঠছে।

ইউএনএইচসিআর এর হিসাবমতে, ৭০ হাজারেরও বেশি সিরীয় শরণার্থী পরিবারে শিশুদের বাবা নেই। ৩ হাজার ৭ শ’ শরণার্থী শিশুর বাবা-মা কেউই নেই।

১১ লাখেরও বেশি সিরীয় শরণার্থী শিশুর ৩৮৫,০০৭ শিশু এখন বাস করছে লেবাননে। ২৯৪,৩০৪ শিশু বাস করছে তুরস্কে এবং জর্ডানে আছে ২৯১,২৩৮ শিশু। একইভাবে ইরাক এবং মিশরেও আছে বহু সিরীয় শিশু।

অরক্ষিত এবং বিপদগ্রস্ত এসব শিশুর জন্য আশু ব্যবস্থা না নেয়া গেলে শিশুদের একটি প্রজন্ম ভয়াবহ এক যুদ্ধের ক্ষত নিয়েই বেড়ে উঠবে বলে সতর্ক করেছেন ইউএনএইচসিআর এর হাই কমিশনার এন্টনিও গুটারেস।