২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু স্থাপনা দেখতে আইএইএ-কে ইরানের আমন্ত্রণ

ইরান তাদের ভারি পানির আরাক পারমাণবিক প্রকল্প ঘুরে দেখার জন্য ৮ ডিসেম্বরে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদেরকে আমন্ত্রণ জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Nov 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দূর করতে সদ্য উপনীত জেনেভা চুক্তির পর ইরান প্রথম এ বাস্তবস্মত পদক্ষেপ নিল।

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের চুক্তি অনুযায়ী, আইএইএ দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাসহ অন্যান্য পারমাণবিক স্থাপনায় নজরদারি বাড়াবে।

এ মাসের শুরুর দিকে ইরানের সঙ্গে করা অপর একটি চুক্তির আওতায় আগামী মাসে দেশটির আরাক শহরে ভারি পানির ওই পারমাণবিক প্রকল্প পরিদর্শন করবে আইএইএ।

ইরান আগামী ৮ ডিসেম্বর তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে জানান আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো।

তবে ইরান চুক্তি মেনে চলছে কিনা তা যাচাই করে দেখার কাজ শুরু করতে কিছু সময় লাগবে বলে আমানো সতর্ক করেছেন ।

জানুয়ারির আগে জাতিসংঘ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নিবিড় পরিদর্শন শুরু করতে নাও পারতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা।

নির্মাণাধীন একটি গবেষণা পরমাণু চুল্লির জন্য ইরানের আরাক স্থাপনায় ভারি পানি উৎপাদন করা হয়। আগামী বছর চালু হতে চলা এই চুল্লিটি নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন।

কারণ, চুল্লিটি চালু হলে এতে বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদিত হতে পারে বলে ধারণা পশ্চিমাদের। তবে ইরান কেবলমাত্র চিকিৎসা সরঞ্জাম তৈরির কাজে এ চুল্লি ব্যবহার করবে বলে জানিয়েছে।

চুল্লিটির জন্য জ্বালানি তৈরি স্থগিত করাসহ এটি চালু করাও আপাতত বন্ধ রাখতে রাজি হয়েছে ইরান।

গত সপ্তাহের জেনেভা বৈঠকে ইরান কয়েকটি খাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে তাদের কিছু পারমাণবিক কর্মসূচি ছয় মাসের জন্য বন্ধ রাখতে রাজি হয়।