শচীনের প্রশংসায় পাকিস্তানি তালেবানের উষ্মা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের প্রশংসা করা থেকে বিরত থাকার জন্য পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।
এক ভিডিওবার্তায় তালিবানের মুখপাত্র শহিদুল্লাহ শহিদ বলেন, “শচীন একজন ভারতীয় ক্রিকেটার হওয়ার পরও এটা দেখা খুবই দুর্ভাগ্যজনক যে পাকিস্তানের সংবাদ মাধ্যম তাকে (শচীন) সপ্রশংস স্বীকৃতি প্রদানের জন্য বিশাল আয়োজন করছে।“
“অন্যদিকে এটা দু:খজনক যে এই পাকিস্তানের সংবাদমাধ্যমই পাকিস্তানের ক্যাপ্টেন মিসবাহ-উল-হকের কঠোর সমালোচনা করছে। এটা কোনো ব্যাপার নয় যে টেন্ডুলকার কতো ভালো, তাকে সম্মান দেয়ার কিছু নেই কারণ তিনি একজন ভারতীয়। আর এটা ব্যাপার না যে মিসবাহ কতটা খারাপ খেলে, তাকে সম্মান জানানো উচিত কারণ তিনি একজন পাকিস্তানি।“
ভিডিওতে শহিদুল্লাহ’র দুই পাশে হাতে একে-৪৭ সেভেন নিয়ে মুখোশধারী দুই জনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে এনডিটিভি জানিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম টেন্ডুলকারের বিদায় অনুষ্ঠান ও তার বিদায়ী ভাষণ সরাসরি সম্পচার করেছে।
চলতি বছরের ১৬ নভেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন টেন্ডুলকার।
পাকিস্তানি সংবাদমাধ্যম টেন্ডুলকারের বিদায় অনুষ্ঠান বিস্তারিতভাবে সম্প্রচার করেছে এবং তাকে সম্মান জানিয়েছে।
টেন্ডুলকারকে সম্মান জানাতে গিয়ে দেশটির পত্রিকাগুলো মন্তব্য করেছে, “তাকে ছাড়া নিশ্চিতভাবেই ক্রিকেট খেলাটি তার জৌলুস হারাবে।“
টেন্ডুলকারের অবসরকে শতাব্দীর এক চতুর্থাংশ ধরে চলা একটি স্মরণীয় ক্যারিয়ারের সমাপ্তি উল্লেখ করে ডন পত্রিকা মন্তব্য করে, “সমালোচকদের সমালোচনা এবং সমসাময়িকদের মধ্যে কে সেরা ব্যাটসম্যান সেটা নিয়ে অনেক বিতর্ক চলেছে। এরমধ্যেই ১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকে টেন্ডুলকার তার ব্যাটিং প্রতিভা দিয়ে নিয়মিতভাবে রেকর্ড বই বার বার পুনর্লিখন করিয়েছেন।“
