২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মাদকের আখড়ায় গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে মাদকের আখড়া হিসেবে পরিচিত একটি বাড়িতে গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2013, 12:38 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

শনিবার সন্ধ্যায় ওকলাহোমার তুলসা শহরে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে পুলিশ।

তুলসা পুলিশ বিভাগের ক্যাপ্টেন ডেভ রবার্টস জানিয়েছেন, শহরের উত্তর পাশে একটি বাড়িতে গোলাগুলি হয়েছে বলে খবর পেয়ে সন্ধ্যা সোয়া সাতটার দিকে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত দুজন ও গুরুতর আহত তিনজনকে পায় পুলিশ।

আহত তিনজনের মধ্যে দুজন পরে মারা যায় বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছেন পুলিশ সার্জেন্ট ডেভ ওয়াকার। নিহত চারজনের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। নিহত নারীদের বয়স যথাক্রমে ৩৫, ৪৬ ও ৫৪ এবং পুরুষটির বয়স ৩৪ বলে জানিয়েছেন তিনি।

তবে আহত ব্যক্তির বয়স, লিঙ্গ বা শারীরিক পরিস্থিতি সম্পর্কে কিছুই জানাননি ওয়াকার।

বাড়িটিতে মেথাফেটামিন বিক্রি করা হতো, সেখানেই তা ব্যবহার করা হতো, তবে তা সম্প্রতি শুরু করা হয়েছিল বলে ধারণা করছেন তদন্তকারীরা।

ডাকাতির উদ্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়নি বলে বিবৃতিতে জানিয়েছেন ওয়াকার। হত্যাকাণ্ডটিকে পুলিশ বিচ্ছিন্ন ঘটনা বলেও মনে করছে না বলে জানিয়েছেন তিনি।

বাড়িটির একটি ঘরেই সবাইকে গুলি করা হয় এবং একজনের গুলিতেই সবাই হতাহত হয়েছেন বলে জানিয়েছেন রবার্টস।

এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।