চীনের আকাশ প্রতিরক্ষার সমালোচনায় যুক্তরাষ্ট্র-জাপান
পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়ায়ু দ্বীপ এলাকায় ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার বেইজিংয়ের উদ্যোগের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও জাপান।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার নতুন করে ‘পূর্ব চীন সাগরে আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলের’ একটি মানচিত্র প্রকাশ করে, যাতে জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপসহ ওই সাগরের অধিকাংশ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়।
অনুমতি ছাড়া কোনো বিমান ওই আকাশ সীমায় ঢুকে পরিচয় দিতে ব্যর্থ হলে সেটির বিরুদ্ধে তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছে চীন।
এতে করে একটি বিষয় পরিষ্কার যে, বিদেশি কোনো বিমান ওই এলাকা দিয়ে পার হলে এতে চীনের ঘোষিত নিয়ম মেনেই চলতে হবে। তা না হলে পরিণতি হবে অনিশ্চিত এবং খুব সম্ভবত বিপজ্জনক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এর পরিপ্রেক্ষিতে চীনকে সতর্কতা অবলম্বন করা এবং সংযত থাকার আহ্বান জানিয়েছেন। প্রশান্ত মহাসাগর অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অবাধে বৈদেশিক বিমান চলাচল করতে দেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
কেরি এক বিবৃতিতে চীনকে হুমকি-ধামকি দিয়ে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। ওদিকে, জাপানও চীনা দূতাবাসের মাধ্যমে বেইজিং এর উদ্যোগকে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করে।
পূর্ব চীন সাগরে বেইজিংয়ের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে জাপান নিয়ন্ত্রিত দ্বীপকে অন্তর্ভুক্ত থাকায় আকাশসীমায় অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছে জাপান।
তবে জাপানের প্রতিবাদের পাল্টা ক্ষুব্দ প্রতিক্রিয়া প্রকাশ করে চীন বলেছে, তাদের কান্ডজ্ঞানহীন কোনো মন্তব্য করার অধিকার নেই।
যুক্তরাষ্ট্র ও জাপানের নিরাপত্তাচুক্তির আওতায় ওয়াশিংটন জাপান শাসিত অঞ্চলের সুরক্ষায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাপানের ওকিনাওয়া দ্বীপসহ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি আছে। ওকিনাওয়া দ্বীপটির অবস্থান বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছাকাছি।
