থ্যাংসগিভিং ডে’র আগে যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ৫
যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি ভয়ঙ্কর ঝড়ের প্রভাবে তুষারপাতের পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে। এই ঝড়ের কবলে পড়ে এরই মধ্যে অন্তত পাঁচজন মৃত্যুবরণ করেছেন।
এই ঝড়ের কারণে শনিবার আবহাওয়া পূর্ভাবাসে থ্যাংসগিভিং ডে উপলক্ষ্যে বের হওয়া দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ভ্রমণার্থীদের সতর্ক করা হয়েছে।
ওই সতর্ক বার্তায় বলা হয়, থ্যাংসগিভিং ডে উপলক্ষ্যে ভ্রমণে বের হতে যাওয়া যুক্তরাষ্ট্রের কয়েক লাখ মানুষ এই ঝড়ের কবলে পড়তে পারেন।
দেশটির আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ঝড়ের কারণে মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। এরপর ঝড়টি উত্তর দিকে ঘুরে গিয়ে পূর্ব উপকূলের দিকে এগুবে। বুধবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আবহাওয়াবিদ ইভান মেয়াস বলেন, “যদি ঝড়টি উপকূল ঘেষে যায় এবং শক্তিশালী রূপ ধারণ করে তবে এটা পূর্বের ভ্রমণকারীদের জন্যই শুধু দু:স্বপ্নের যাত্রায় পরিণত হবে না বরং পুরো জাতীর জন্য এটা একটা দু:স্বপ্নে পরিণত হবে।”
থ্যাংস গিভিং হলি ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্রের প্রচুর মানুষ এক সঙ্গে ভ্রমণে বের হয়। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার থ্যাংসগিভিং ডে উপলক্ষ্যে বুধবার থেকে রোববার পর্যন্ত প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ রাস্তায় ভ্রমণে থাকবে।
ভ্রমণ দল এএএ সপ্তাহের শুরুতে জানিয়েছিলো আরো প্রায় ৩০ লাখ মানুষ এ সময় আকাশ পথে ভ্রমণ করবে।
তুষারপাত এবং বৃষ্টির কারণে ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, নেভাদা এবং টেক্সসাসে এরই মধ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন।
শুক্রবার টেক্সসাসে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হন। ওই দিন বিকালে নিউ মেক্সিকোতে একটি গাড়ি বরফে পিছলে গেলে চার বছরের একটি মেয়েশিশু মারা যায়। মেয়েটির সিটবেল্ট বাধা ছিল না বলে রাজ্য পুলিশ জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। আর শনিবার ভোরে উইলি নেলসন ব্যান্ড দলকে বহনকারী একটি বাস দুর্ঘটনায় পতিত হলে দলের সদস্য পল ইংলিশ গুরুতর আহত হন।
