তুর্কি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মিশর
তুরস্কের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশটির রাষ্ট্রদূতকে কায়রো ছাড়ার নির্দেশ দিয়েছে মিশর।
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ানের সাম্প্রতিক একটি বক্তব্যকে মিশরের রাজনৈতিক পরিস্থিতি জন্য ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করে শনিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কায়রো।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক অব্যাহতভাবে মিশরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে থাকায় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রস করা হবে।
গত জুলাইয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর এর ঘোর বিরোধিতা করে আসছে প্রতিবেশি দেশ তুরস্ক।
খুন ও সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে এখন বিচারের মুখোমুখি কারাবন্দি মুরসি।
বিবিসি জানায়, তুরস্কের প্রধানমন্ত্রী কারাবন্দি মুরসির মুক্তি দাবি করার একদিন পরই দেশটির রাষ্ট্রদূত হুসাইন আভনি বোতসালিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় মিশর। এছাড়া গত অগাস্টে মুরসি সমর্থকদের বিক্ষোভে দমন-নিপীড়ন চালানোরও নিন্দা করেছিলেন এরদোয়ান।
ওই সময়ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। তখন নিজ নিজ কূটনীতিককে ডেকে পাঠায় দেশ দুটি। তবে সেপ্টেম্বরে তুরস্ক তার কূটনীতিককে আবার কায়রো পাঠালেও মিশর তার কূটনীতিককে আর আঙ্কারায় পাঠায়নি।
শনিবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বদর আব্দেলাত্তি বলেন, এরদোয়ানের কথাবার্তা ‘উস্কানিমূলক’ এবং মিশরের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপের’ শামিল।
তার অভিযোগ, মিশরীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে তুরস্ক। দেশটি ওইসব সংগঠনের সভা সমাবেশে সমর্থন করছে যারা মিশরকে অস্থিতিশীল করতে চায়।
