অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে হেলেন
ঘণ্টায় ৯০ কিলোমিটার শক্তির বাতাস নিয়ে ভারতের অন্ধ্র উপূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হেলেন’।
ভারতের আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় দুপুর ২টায় অন্ধ্র প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় মাচিলিপত্তম এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে।
প্রবল বাতাসে গাছ চাপা পড়ে মাচিলিপত্তম ও গোদাবরি এলাকায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে এনডিটিভি।
গত মাসে ঘূর্ণিঝড় পাইলিন অন্ধ্র উপকূলের যে অংশে আঘাত হেনেছিল, মাচিলিপত্তমের অবস্থান তার সামান্য উত্তরে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে আগে উপকূলীয় এলাকাগুলো থেকে ১১ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। তবে গোদাবরি এলাকার অন্তত ২০ জেলে নিখোঁজ রয়েছেন।
ছয় ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে বলেও আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা অন্ধ্র প্রদেশের বিভিন্নস্থানে ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে সাগর উত্তাল থাকায় কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে বাংলাদেশের পক্ষ থেকে ‘হেলেন’ নামটি প্রস্তাব করা হয়েছিল।
