২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাচুক্তির সময় নিয়ে যুক্তরাষ্ট্র-আফগান বিরোধ

যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের নিরাপত্তা চুক্তির সময়সূচি নিয়ে দু’দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:04 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই চান আগামী বছর এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর চুক্তিটি সই করতে। কিন্তু যুক্তরাষ্ট্র এ বছর শেষ নাগাদই চুক্তি সই হওয়ার ওপর জোর দিচ্ছে। তাদের মতে, চুক্তিতে দেরী করা সম্ভব নয় এবং এটি বাস্তবসম্মতও নয়।

কিন্তু বৃহস্পতিবার লয়া জিরগায় কারজাই বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগ পর্যন্ত চুক্তি সই হবে না।

চার দিনব্যাপী লয়া জিরগা অধিবেশনে কাবুল-ওয়াশিংটন দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি (বিএসএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ চুক্তি সই হলে আফগানিস্তানে ১৫ হাজার পর্যন্ত বিদেশি সেনা থাকতে পারবে। মার্কিন সেনা উপস্থিতির বিষয়টি নিয়েই তর্কবিতর্ক চলছে লয়া জিরগায়।

চুক্তিটি সই না হলে যুক্তরাষ্ট্র আগামী বছর শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিতে পারে। এতে করে তালেবান সহিংসতার মুখে অরক্ষিত হয়ে পড়বে আফগানিস্তান।

কারজাই এক বিবৃতিতে মার্কিন সেনা উপস্থিতির বিষয়টি নিয়ে কোনোরকম চুক্তির ব্যাপারে তাদেরকে আগামী এপ্রিলের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে উল্লেখ করেছেন। এতে করে নাখোশ হয়েছে দ্রুত চুক্তি সম্পাদনে আগ্রহী যুক্তরাষ্ট্র।

ওদিকে, কারজাই আফগান-মার্কিন সম্পর্কে আস্থার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেছেন। এ সম্পর্কে কারজাই বলেন, “আমি তাদের বিশ্বাস করি না। তারাও আমাকে বিশ্বাস করে না। গত ১০ বছরে তাই দেখা গেছে। আমাকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এবং তারা আমার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে।’