২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সহিংসতায় একছাত্র নিহত

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংসতায় এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Nov 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

বুধবার দিনের শেষভাগে মিশরীয় নিরাপত্তা বাহিনী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বিক্ষুব্ধরা গাছে আগুন লাগিয়ে দিলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়।

কিন্তু নিষেধ উপেক্ষা করে ছাত্ররা তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। এ সময় একছাত্র মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় আরো পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করা হয়।

ছাত্ররা ক্যাম্পাসের দেয়ালের ভেতরে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ছুঁড়ে মারে।

মুরসির মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা ধারাবাহিকভাবে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। কায়রোর রাবাব আল-আদাইয়া মসজিদকে ঘিরে যেভাবে মুরসির সমর্থকরা ক্যাম্প স্থাপন করে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছিল, আল-আজহার বিশ্ববিদ্যালয়েও একই পদ্ধতিতে বিক্ষোভ চালাচ্ছে ছাত্ররা।

চলতি বছরের ১৪ অগাস্ট রাবাব আল-আদাইয়াকে ঘিরে গড়ে ওঠা বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান চালায়। ওই অভিযানে হাজারো মানুষ প্রাণ হারায়।

ক্ষমতাগ্রহণের একবছরের মাথায় ব্যাপক বিক্ষোভের মুখে চলতি বছরের ৩ জুলাই মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই মুরসি সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ধারাবাহিকভাবে সহিংসতার ঘটনা ঘটছে।

ইতোমধ্যে মিশরীয় সেনাবাহিনীর সমর্থনপুষ্ট সরকার দেশটিতে মুরসির মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে এবং এর শীর্ষস্থানীয় নেতাদের আটক করেছে।