২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান পরমাণু অধিকার থেকে পিছু হটবে না: খামেনি

ছয় বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় বৈঠক শুরুর মুহূর্তে এ কর্মসূচি চালানোর অধিকার থেকে এক পাও পিছু না হটার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 08:51 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

আলোচনায় সরাসরি কোনো বাধা সৃষ্টি করবেন না জানিয়ে তিনি বলেন, বৈঠকে ইরানের প্রতিনিধিদের জন্য তিনি একটি সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন।

ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে একটি চুক্তিতে পৌঁছার আশা নিয়ে বুধবার বিশ্বের শক্তিধর দেশগুলো জেনেভায় বৈঠক ডাকে। কিন্তু এ সপ্তাহ কিংবা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে চুক্তি করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইরান বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ করে আসছে পশ্চিমা বিশ্ব। কিন্তু ইরান বরাবরই তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।

এ মাসের শুরুর দিকে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ইরানের এ কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে ছয় বিশ্বশক্তি। ফ্রান্সের কট্টর অবস্থান এবং ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আনুষ্ঠানিক স্বীকৃতি দাবি করায় সমঝোতা হয়নি।

এবার জেনেভায় দ্বিতীয় দফা বৈঠকের আগে পারমাণবিক কর্মসূচির অধিকারে ছাড় না দেয়ার খামেনির দাবিতে বৈঠক নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি হয়েছে। এ অধিকার থেকে ইরান এক ইঞ্চিও নড়বে না- বলেছেন খামেনি।

তিনি এও বলেন, “আমরা বিস্তারিত আলোচনায় বাধা সৃষ্টি করব না। কিন্তু এ আলোচনার একটা সীমা আছে। আলোচকদের সেই সীমারেখাকে(রেডলাইন)সম্মান করতে হবে”।

তিনি আরো বলেন, “তাদের জেনে রাখা উচিত যে, ইরানি জাতি বিশ্বের সব দেশকে সম্মান করে। কিন্তু আগ্রাসীদেরকে আমরা এমনভাবে চপেটাঘাত করব যে তারা তা ভুলতে পারবে না”।

এর আগে মঙ্গলবার ওবামা মার্কিন সিনেটরদেরকে কূটনীতিকে একটি সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা থেকে বিরত থাকতে বলেন।

ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে কিছুটা অব্যাহতি দেয়ার প্রস্তাব নিয়ে চুক্তিতে পৌঁছতে চাইছে ছয় বিশ্বশক্তি। গত বৈঠকে এ ব্যাপারে চুক্তির কাছাকাছি পৌঁছেছিল দু’পক্ষ।

ছয় দেশের শীর্ষ নীতিনির্ধারকরা তখন থেকেই সাময়িকভাবে আস্থা অর্জনের পদক্ষেপ নিয়ে ইরানের সঙ্গে চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছা সম্ভব বলেই মন্তব্য করে আসছেন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পরমাণু চুক্তি করার জন্য সত্যিকারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন।

তবে মতবিরোধ এখনো রয়ে গেছে এবং সে কারণে শেষ পর্যন্ত চুক্তি নাও হতে পারে বলে সতর্ক করেছেন কূটনীতিকরা।