ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ওপর অস্ট্রেলিয়ার গুপ্তচরবৃত্তি
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট বোয়েদিওনোসহ অন্য আরো অনেকের ওপর অস্ট্রেলিয়া গোয়েন্দা নজরদারি করেছে।
সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন নথির ভিত্তিতে এবিসি এবং দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে এ অভিযোগ পাওয়ার পর ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে জার্কাতায় ডাকা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া।
এর আগে ১ নভেম্বর জাকার্তায় অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে তলব করে ইন্দোনেশিয়া সরকার।
অস্ট্রেলিয়ার জাকার্তা দূতাবাসকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গোয়েন্দা নেটওয়ার্কের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে তলব করে ইন্দোনেশিয়া।
সর্বশেষ গুপ্তচরবৃত্তির অভিযোগের তালিকায় রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন মন্ত্রীরা।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ‘ডিফেন্স সিগনালস ডিরেক্টরেট’ (বর্তমানে অস্ট্রেলিয়ান সিগনালস ডিরেক্টরেট নামে পরিচিত) এর ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, সংস্থাটি ২০০৯ সালের আগস্টে অন্তত একবার ইয়োধোইয়োনোর ফোনকল শোনার চেষ্টা করেছে এবং তার মোবাইল ফোন থেকে যেসব কল করা হয়েছে বা কল এসেছে, সে সবের ওপরও আড়ি পাতা হয়েছে।
এ ব্যাপারে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মার্টি নাতালেগাওয়া সোমবার বলেছেন, “ কৌশলগতভাবে অংশীদার দুদেশের মধ্যে এ ধরনের কর্মকান্ড খুবই অবন্ধুসুলভ, অনুপযোগী”।
“এতে করে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্কের জন্য সময়টা ভাল যাচ্ছে না”।
ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে তথ্য আদান-প্রদান সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করে দেখছে বলে জানান নাতালেগাওয়া।
