২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় জড়িতদের সন্ধান পেতে প্রায় ১০ মাস আগে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Nov 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ পুরস্কার ঘোষণার কথা প্রকাশ করেছে।

গত বছর ১১ সেপ্টেম্বর বেনগাজিতে কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ তাদের চার নাগরিক নিহত হন।

আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা ওই হামলা চালিয়েছিল বলে সন্দেহ পশ্চিমা গোয়েন্দাদের।

ওই হামলার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে ব্যাপক হৈ চৈ হয়। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে হামলাকারীদের সম্পর্কে বিভিন্ন মনগড়া গল্প ছড়ানোর অভিযোগ করে রিপাবলিকানরা। অন্যদিকে দুঃখজনক ঘটনাটিকে পুঁজি করে রিপাবলিকানরা রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ তোলে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার এক চিঠিতে বেনগাজিতে হামলায় জড়িতদের সন্ধান পেতে সরকারের পুরস্কার ঘোষণার কথা জানান।

কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউলের প্রশ্নের জবাবে তাকে ওই চিঠি লেখেন তিনি।

নিরাপত্তা ও তদন্তের স্বার্থে এই পুরস্কার ঘোষণার কথা আগে প্রকাশ করা হয়নি বলে চিঠিতে উল্লেখ করেন কেরি।