২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের উপশিল্পমন্ত্রী গুলিতে নিহত

ইরানের উপশিল্পমন্ত্রী সাফদার রাহমাতাবাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 11:43 AM

Updated : 25 Apr 2022, 07:30 PM

রোববার দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা’র (আইআরএনএ) বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, তেহরানের পূর্বাঞ্চলে সাফদার রাহমাতাবাদির মাথায় ও বুকে দু’টি গুলি করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের ধারণা মন্ত্রীকে তার গাড়িতে থাকা কোনো সঙ্গীই গুলি করেছে।

পুলিশ আরো জানিয়েছে, তারা ইতোমধ্যে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

ইরানের উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারে রাহমাতাবাদি সুপরিচিত কোনো ব্যক্তিত্ব নন।

সাম্প্রতিক সময়ে ইরানের সরকারি কর্মকর্তা পর্যায়ের কারো ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা।

বুধবার, পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলে একজন অস্ত্রধারীর গুলিতে ইরানের রাষ্ট্রীয় আইন কর্মকর্তা নিহত হন।