ফের জটিলতায় মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন
একজন প্রার্থীর আপত্তির কারণে মালদ্বীপের সুপ্রিম কোর্ট দেশটির চলমান প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ পিছিয়ে দেয়ার আদেশ দিয়েছে।
শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ প্রায় ৪৭ শতাংশ ভোট পেয়েছেন।
কিন্তু কোনো প্রার্থী নির্বাচনে সরাসির বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রোববার দ্বিতীয় পর্ব ভোট গ্রহণের কথা ছিল, জানিয়েছে বিবিসি অনলাইন।
কিন্তু নাশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লা ইয়ামিন পুনঃপ্রচারণার জন্য তার সময় প্রয়োজন জানিয়ে দ্বিতীয় পর্বের নির্বাচন পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান।
তার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে দিলো।
৭ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নাশিদ প্রথম পর্বের ভোটে এগিয়ে ছিলেন।
পরে জসিম ইব্রাহিম নামে একটি প্রার্থী ভোট নিয়ে অনিয়মের অভিযোগ তুললে দেশটির সুপ্রিম কোর্ট নির্বাচনটি বাতিল করে দেয়, পাশপাশি নির্বাচনের নতুন কিছু নির্দেশাবলী সংযোজন করে। যদিও পর্যবেক্ষকরা বলেছিলেন, নির্বাচন আবাধ ও সুষ্ঠু হয়েছে।
১৯ অক্টোবর দ্বিতীয়বার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়নি অজুহাতে পুলিশ ওই নির্বাচনে ভোট গ্রহণ বন্ধ করে দেয়।
পরে নির্বাচনের পরবতী তারিখ হিসেবে ৯ নভেম্বরের ঘোষণা দেয়া হয়। ৯ নভেম্বর, শনিবার ভোট গ্রহণ হলে তাতে নাশিদ ৪৬.৯৩ শতাংশ, ইয়ামিন ২৯.৭৩ শতাংশ এবং জসিম ইব্রাহিম ২৩.৩৪ শতাংশ ভোট পান।
এরপর ইয়ামিনের আবেদনের প্রেক্ষিতে একদিনের জন্য দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়। কারণ দেশটির সংবিধান অনুযায়ী সোমবারের মধ্যে অবশ্যই একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার পরও গভীর রাতে আবারো সুপ্রিম কোর্টে আলোচনা হয় এবং ভোট গ্রহণ ছয় দিনের জন্য পিছিয়ে দেয়া হয়।
আদালতের পক্ষ থেকে ইয়ামিনের আবেদনের সঙ্গে একমত পোষণ করে বলা হয়, রোববার ভোট গ্রহণ করা হলে হয়তো তাতে ‘অনেক লোকের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হতো।’।
মোহাম্মদ নাশিদ এবং কমনওয়েলথের বিশেষ প্রতিনিধিরা আদালতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন। উভয়পক্ষই নিজেদের বিবৃতিতে ভোট গ্রহণে যেন আর কোনো বিলম্ব করা না হয় তার জোর দাবি জানিয়েছে।
রোববারের নির্বাচন পিছিয়ে যাওয়ার অর্থ সংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এ দিন বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদের মেয়াদ শেষ হবে।
সুপ্রিম কোর্ট এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রেসিডেন্ট নিজ পদে বহাল থাকবেন। কিন্তু ওয়াহেদ জানিয়েছেন তিনি এটা চান না।
২০০৮ সালে মালদ্বীপের প্রথম জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ নাশিদ। তিন দশক ধরে দেশটিকে শাসন করা একনায়ক মামুন আব্দুল গাইয়ুমকে সরিয়ে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন।
কিন্তু নাশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হন নাশিদ। তার স্থান গ্রহণ করেন তার সরকারেরই ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ হাসান মানিক।
নাশিদের দল দ্য মালদ্বীপিয়ান ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, গাইয়ুমের সৎভাই ইয়ামিন ‘গণতন্ত্রকে পরাভূত’ করার চেষ্টা করছেন।
