নিউ ইয়র্ক-ভার্জিনিয়ার নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনে নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়ায় জয় ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা।
২০ বছর পর ডেমক্র্যাটদের দখলে গেছে নিউ ইয়র্ক সিটি মেয়রের পদটি। বিশাল ভোটের ব্যবধানে ১০৯ নম্বর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বিল ডি ব্লাসিয়ো।
৯৯ শতাংশ ভোট গণনায় ব্লাসিয়ো পেয়েছেন ৭৩ শতাংশ ভোট। আর তার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির মেয়র প্রার্থী যো লোহটা পেয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোট।
শুধু তাই নয়, নিউইয়র্ক সিটির কম্পট্রোলার এবং পাবলিক এডভোকেট পদেও ডেমক্র্যাটরাই জয়ী হয়েছে।
টানা ১২ বছর পর যুক্তরাষ্ট্রের বৃহত্তম এ সিটির নাগরিকেরা পেলেন মেয়র হিসেবে নতুন একজনকে। আর এটি সম্ভব হয়েছে মিশ্র পরিবারের সাদামাটা জীবন-যাপনকারী রাজনীতিক বিল ডি ব্লাসিয়োর নিরলস প্রচেষ্টায়।
সিটি কাউন্সিল থেকে পাবলিক এডভোকেট হিসেবে দীর্ঘ কাজের অভিজ্ঞতার সাথে যোগ হয় নিউ ইয়র্ক সিটির স্বল্প এবং নিম্ন আয়ের মানুষদের ভাগ্য পরিবর্তনে নানামুখী কর্মসূচি।
বিল ডি ব্লাসিয়ো তার বিজয় নিশ্চিত করতে বাংলাদেশীসহ দক্ষিণ এশীয়দের ঐক্য প্রয়াসও বিরাট ভূমিকা রেখেছে।
নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল পাবলিক স্কুলের সামগ্রিক উন্নয়ন, পুলিশ এবং কম্যুনিটির মধ্যেকার সম্পর্ক উন্নয়ন, নেইবারহুড হাসপাতালগুলো চালু রাখা এবং স্বল্প আয়ের লোকজনের গৃহায়ন সমস্যা দূর করাসহ আরো নানা প্রতিশ্রুতি।
পক্ষান্তরে রিপাবলিকান প্রার্থী যো লোহটা পুলিশের আপত্তিকর আচরণকে সমর্থন করেছেন সরাসরি। ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘদিন এমটিএ চেয়ারম্যান হিসেবে কাজ করেও সর্বসাধারণের কাছে পৌঁছতে পারেননি লোহটা। যার পরিণতি ঘটেছে বিশাল ব্যবধানে পরাজয় বরণের মধ্য দিয়ে।
নির্বাচনে নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার হয়েছেন ডেমক্র্যাট স্কট এম স্ট্রিঞ্জার। পাবলিক এডভোকেট পদেও ৭৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমক্র্যাট ল্যাটিটা জেমস।
ভার্জিনিয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে রাজ্য গভর্নর হয়েছেন ডেমক্র্যাট টেরী ম্যাকঅ্যল্ফ। তিনি পেয়েছেন ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান কেনেথ টি কুচিনেলী। তিনি ভোট পেয়েছেন ৪৬ শতাংশ।
অন্যদিকে, নিউজার্সির রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি আরো ৪ বছরে জন্য পুন:নির্বাচিত হয়েছেন ৫৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে। তিনি ডেমক্র্যাট বারবারা বুওনোকে ধরাশায়ী করেছেন।
বারবারা ভোট পেয়েছেন ৩৮ দশমিক ৮ শতাংশ। ক্রিস ক্রিস্টির এ বিজয় ২০১৬ সালে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন লাভে ব্যাপক প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
