২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে সামরিক মহড়ায় ভারত

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে ভারত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় নৌ-মহড়া শুরু হয়েছে।

ওদিকে, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংডুতে ১০ দিনব্যাপী সন্ত্রাস বিরোধী যৌথ সামরিক মহড়াও শুরু করেছে ভারত।

এর মধ্য দিয়ে ভারত সামরিক সম্পর্কের দিক দিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষার চেষ্টায় নেমেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মালাবারে ২০০৭ সাল থেকে শুরু হওয়া ভারত-যুক্তরাষ্ট্রের সিরিজ নৌ মহড়ার ওপর কড়া নজর রেখে আসছে চীন।

প্রাথমিকভাবে এ মহড়ায় জড়িত ছিল ভারত, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য ৫ টি এশীয় দেশের নৌবাহিনী।
চীনের শক্তিকে নিয়ন্ত্রণে রাখাই এ মহড়ার উদ্দেশ্য বলে মনে করা হত।

কিন্তু ভারত সে অবস্থান থেকে সরে এসে এ মহড়াকে কেবল দ্বিপক্ষীয় মহড়া আখ্যা দিয়ে চীনের উদ্বেগ দূর করার চেষ্টা নিয়েছে।

অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বেইজিং সফরকালে পরিষ্কার করেই বলেছেন, ভারত চীনের শক্তিকে দাবিয়ে রাখার কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয়।

আর তাই মালাবারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত দ্বিপক্ষীয় মহড়ার পাশাপাশি এবার চীনের সঙ্গেও ২০০৭ সালের পর প্রথম সন্ত্রাসবিরোধী মহড়া শুরু করল ভারত।

চীনের সরকারি গণমাধ্যম জানায়, চেংডুতে দুই দেশের মধ্যে ‘হ্যান্ড-ইন-হ্যান্ড ২০১৩’ নামের এ মহড়া শুরু হয়েছে। এতে দু’দেশের সেনাসদস্যরা অংশ নিচ্ছেন।

একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে এ মহড়ায় অংশ নিয়েছে ১৬২ জন ভারতীয় সেনা।

ভারতের প্রধানমন্ত্রীর চীন সফরকালে দেশ দু’টির মধ্যে সীমান্ত প্রতিরক্ষা এবং সন্ত্রাসবিরোধী তৎপরতায় সহযোগিতা চুক্তি সই হওয়ার পর এ মহড়া শুরু হল।